নড়াইল প্রতিনিধি ।।
নড়াইলের লোহাগড়া থেকে ঢাকায় স্বামীর কাছে যাওয়ার পথে এক তরুণী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার লোহাগড়া বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী একটি পরিবহণে উঠার পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
ওই তরুণীর বাড়ি উপজেলার জয়পুর ইউনিয়নের রাজুপুর গ্রামে। লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ থেকে এবার তিনি এইচএসসি পাস করেছেন।
এদিকে এ ঘটনায় নিখোঁজ তরুণীর বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে স্বামীর কর্মস্থল ঢাকায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন ওই তরুণী। সকাল ৯টায় লোহাগড়া বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী একটি পরিবহণে ওঠার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
বিকালে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তার স্ত্রী বাসায় ফেরেননি। এরপর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার।
নিখোঁজের পরদিন বুধবার ওই তরুণীর বাবা লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল শুক্রবার রাত ১টা ১০ মিনিটে তার মোবাইলে ‘এমডি ফয়সাল’ নামে একটি ইমো আইডি থেকে ভয়েস রেকডিং পাঠিয়ে অজ্ঞাত ব্যক্তিরা জিডি প্রত্যাহারের জন্য হুমকি দেয়। জিডি প্রত্যাহার করা না হলে ওই তরুণীর ক্ষতি হবে বলেও হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমার মেয়ের স্বামী কিংবা অন্য কারো সঙ্গে কোনো দ্বন্দ্ব বা শত্রুতা নেই। কখনো আমার মেয়ে আমাকে এমন কিছু বলেনি। জিডি প্রত্যাহারের হুমকিতে আমরা আতঙ্কে আছি।’
নিখোঁজ তরুণীর স্বামী বলেন, আমি ঢাকাতে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকি। রোজার ঈদে বাড়ি গিয়েছিল সে। গত মঙ্গলবার ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসে উঠার পর আমার সঙ্গে কথা হয়েছে। এরপর বিকাল থেকে তার মোবাইল বন্ধ পাই। পরিবহণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাইনি।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে। আমরা তার সন্ধান করছি। তার বাবাকে হুমকি দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।











































