Home জাতীয় চার দিনে ৭৩ লাখের বেশি সিম ঢাকার বাইরে গেছে

চার দিনে ৭৩ লাখের বেশি সিম ঢাকার বাইরে গেছে

12

 

ঢাকা অফিস।।

গত দুই বছর করোনা মহামারির কারণে বিধিনিষেধের মধ্যে ঈদ উদযাপন হয়েছে। করোনা সংক্রমণ কমায় এই বছর ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের বাঁধভাঙা ঢল নামবে— আগে থেকেই এমন ধারণা করা হয়েছিল। ঈদ উপলক্ষে গত ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনে ৪৩ লাখ ৯ হাজার ২১৬টি মোবাইল সিম ঢাকা ছেড়েছে। এর আগের দুই দিনেও আনুমানিক ৩০ লাখ সিম রাজধানী ছেড়েছে। অর্থাৎ গত চারদিকে আনুমানিক ৭৩ লাখ ৯ হাজার সিম ঢাকার বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।

রবিবার (১ মে) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানান।

তিনি বলেন, এটা শুধু সিমের তথ্য। মানুষের নয়। কারণ অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেক পরিবার ঢাকা ছেড়েছে যাদের শিশু বা কিশোরদের কাছে কোনো মোবাইল নেই। মোবাইল অপারেটরদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী চারদিনে আনুমানিক ৭৩ লাখ ৯ হাজার সিম ঢাকার বাইরে গেছে।

মন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী, এ ঈদে সবচেয়ে বেশি সংখ্যক গ্রামীণফোনের সিম ঢাকার বাইরে গেছে। আর সবচেয়ে কম টেলিটকের। গত ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনে গ্রামীণফোনের ১৮ লাখ ৬২ হাজার ১৩৬ টি, রবির ১১ লাখ ৭৬ হাজার ৩৪০ টি, বাংলালিংকের ১১ লাখ ২৪ হাজার ৭৩২ টি এবং টেলিটকেটর ১ লাখ ৪৬ হাজার ৮ টি সিম ঢাকার বাইরে গেছে।