Home আঞ্চলিক কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেতা বহিস্কার

কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেতা বহিস্কার

11

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে কলেজছাত্রকে টর্চার সেলে নিয়ে বিবস্ত্র করে মারধর, ভিডিও ধারণ করে চাঁদা দাবির ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা সৈয়দ আকিবকে বহিষ্কার করা হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক সুমন হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে আলোচিত এই ঘটনায় তালা থানায় মামলা রেকর্ড হয়েছে। তবে পুলিশ এখনো কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপহ্নি ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিবকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সাথে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হলো।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক বলেন, তালা ছাত্রলীগ নেতা সৈয়দ আকিবকে দল থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্যাতনের শিকার কলেজছাত্র শোয়েব আজিজ তন্ময় তালা উপজেলা সদরের জাতপুর গ্রামের নার্চারী ব্যবসায়ী শেখ আজিজুর রহমানের ছেলে। আর অভিযুক্ত ছাত্রলীগ নেতা সৈয়দ আকিব তালার মাঝিয়াড়া গ্রামের সৈয়দ ইদ্রিসের ছেলে।

তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম জানান, এ ব্যাপারে নির্যাতিত কলেজছাত্র তন্ময়ের বাবার দায়ের করা অভিযোগপত্র সোমবার রাতে থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। কোন আসামিকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
কলেজছাত্র তন্ময়ের বাবা আজিজুর রহমান জানান, এ ঘটনায় জড়িতরা হলেন, তালার মাঝিয়াড়া গ্রামের সৈয়দ ইদ্রিসের ছেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিব (২৫), হরিশচন্দ্রকাটি গ্রামের গণেশ চক্রবর্তীর ছেলে উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সৌমিত্র চক্রবর্তী (৩২), তালা গার্লস স্কুলের পেছনের বাসিন্দা ছাত্রলীগ কর্মী জে.আর সুমন (২৫), তালার মহান্দি গ্রামের ছাত্রলীগ কর্মী জয় (২৪) ও তালা সদরের নজির শেখের ছেলে ছাত্রলীগ কর্মী নাহিদ হাসান উৎস (২৪)।
তন্ময়ের বাবা আজিজুর রহমান আরও জানান, তার ছেলের সাথে অভিযুক্তদের কোন বিরোধ নেই। একসঙ্গে পড়েও না। রোববার দুপুর একটার দিকে হঠাৎ করে তন্ময়ের পূর্ব পরিচিত নাহিদ হাসান উৎস্য নামের এক ছেলে মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে যায় তালা কলেজের সামনে। সেখান থেকে তন্ময়কে ধরে নিয়ে যায় কলেজের মধ্যে একটি রুমে। সেখানে নিয়ে তাকে মারধর, মাথা ন্যাড়া করে দেওয়া ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে অভিযুক্তরা।

নির্যাতনের শিকার কলেজছাত্র শোয়েব আজিজ তন্ময় বলেন, নাহিদ হাসান উৎস্য আমার পূর্ব পরিচিত। তালা বাজারে যাতায়াত সুবাদে পরিচয়। আমাকে ফোন করে ডেকে নিয়ে আকস্মিক মারধর শুরু করে আকিবসহ অন্যরা। কলেজের পশ্চিম পাশে একটি রুমের মধ্যে নিয়ে টানা পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতন চালায় তারা। হাতে, পায়ে নির্মমভাবে মারধর করে মাথা ন্যাড়া করে দেয়। এরপর বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। তারপর বাড়িতে ফোন দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী।