Home আঞ্চলিক খুলনায় ‘এক দিনে এক কোটি’ গণটিকা ক্যাম্পেইনের ২য় রাউন্ড

খুলনায় ‘এক দিনে এক কোটি’ গণটিকা ক্যাম্পেইনের ২য় রাউন্ড

4

 

স্টাফ রিপোর্টার।।

দেশব্যাপী গণটিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে সমগ্র দেশের ন্যায় খুলনা মহানগরীতে ‘এক দিনে এক কোটি’ গণটিকা ক্যাম্পেইনের ২য় রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আজ সোমবার সকাল ৯টায় কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণটিকা ক্যাম্পেইনের (২য় রাউন্ড) উদ্বোধন করেন। কোন ব্যক্তি যেন বাদ না পড়ে সে জন্য আগামী ৩০ মার্চ পর্যন্ত ওয়ার্ড পর্যায়ে এ ক্যাম্পেইন চলমান থাকবে।

উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। করোনা সংক্রমণ রোধে সবরকম প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সকল বয়সের নাগরিকদের টিকার আওতায় আনতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সারা দেশের ন্যায় খুলনা মহানগরী এলাকায় টিকাদান কার্যক্রম সফল করতে স্বাস্থ্য সেবায় নিয়োজিত সকল সংস্থা আন্তরিকতার সাথে কাজ করছে। তিনি বলেন, কিছু মানুষ সরকারের ভাল কাজগুলিকে ভালভাবে নিতে চায়না। দেশের মানুষের কল্যাণে নেতিবাচক মনোভাব পরিহার করার আহবান জানিয়ে সিটি মেয়র আরো বলেন, একজনের অবহেলার কারণে বহুলোক ক্ষতির শিকার হতে পারে। সে কারণে টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ‘এক দিনে এক কোটি’ ক্যাম্পেইনে টিকা গ্রহণকারীদের ২য় ডোজ প্রদানের লক্ষ্যে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। সিটি মেয়র ১ম ডোজ গ্রহণকারী সকলকে ক্যাম্পেইনে এসে টিকার ২য় ডোজ এবং যারা এখনো টিকা গ্রহণ করেননি তাদেরকে টিকার ১ম ডোজ গ্রহণের অনুরোধ জানান।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কাউন্সিলর এসএম মোজাফ্ফর রশিদী রেজা। খুলনার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ মঞ্জুরুল মোর্শেদ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী ডা. মোঃ আরিফুর রহমান, ইউনিসেফ-খুলনার বিভাগীয় প্রধান ডা. নাজমুল আহসান, কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, মাজেদা খাতুন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌহিদুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মিউল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার।

কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মহানগরীর প্রতি ওয়ার্ডে ৯টি করে ৩১টি ওয়ার্ডে ২শ ৭৯টি গণটিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২জন টিকাদার ও ৩জন ভলেন্টিয়ার নিয়োজিত রয়েছে। মহানগরীর ১ লক্ষ্য ১ হাজার ৭১জনকে টিকার ২য় ডোজ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।