Home জাতীয় আবারো শ্লোগানে উত্তাল শাবিপ্রবি, রক্তিম হস্তছাপে প্রতিবাদ

আবারো শ্লোগানে উত্তাল শাবিপ্রবি, রক্তিম হস্তছাপে প্রতিবাদ

13

খুলনাঞ্চল রিপোর্ট।।

ভিসির পদত্যাগের দাবিতে চলা আন্দোলন সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসে কিছুটা স্থিমিত হলেও আবারো উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)

চলমান আন্দোলনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মিছিলে-শ্লোগানে প্রকম্পিত হয় শাবিপ্রবি ক্যাম্পাস। শিক্ষার্থীদের রক্তিম হস্তছাপে রঙিন হয়েছে আইসিটি ভবনের সামনের দেয়াল।

শিক্ষার্থীরা জানান, প্রাধ্যক্ষের অপসারণের দাবিতে চলতে থাকা আন্দোলনে গত ১৬ জানুয়ারি পুলিশি অ্যাকশনের পর ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। এরপর ১৯ জানুয়ারি থেকে ২৪ শিক্ষার্থী আমরণ অনশন চলাকালে সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসে ২৬ জানুয়ারি অনশন ভাঙা হয়। এরপর দুই সপ্তাহেও কোনো প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আবারো কঠোর কর্মসূচি শুরু করেছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ইয়াসির সরকার।

বৃহস্পতিবার বিকেলে প্লেকার্ড ছবি হাতে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে আইআইসিটি ভবনের সামনের দেয়ালে হাতে লাল রঙ লাগিয়ে রক্তিম হস্তছাপ বসিয়ে প্রতিবাদ জানান তারা।

আন্দোলনরতদের মুখপাত্র বলেন, এই ভবনের সামনে পুলিশ নিরস্ত্র শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, শটগান-টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিয়ে অকর্তিক হামলা চালিয়ে রক্তাক্ত করেছিলো শিক্ষার্থীদের। তারই প্রতিবাদে এই রক্তিম হস্তছাপ।

শুক্রবার শাবিপ্রবিতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে শুক্রবার সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্য নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন। তিনি জানান, শুক্রবার শাবিপ্রবিতে যেতে পারেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে তিনি কখন যাচ্ছেন বিষয়ে এখনো চূড়ান্ত করা হয়নি।

জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে শাবিপ্রবির উদ্দেশ্যে রওনা দেবেন শিক্ষামন্ত্রী। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পৌঁছে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলবেন।

এদিকে অনশন বাতিল করলেও ভিসির পদত্যাগ দাবিতে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা।

এর আগে গত ২৬ জানুয়ারি অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের আশ্বাসে অনশন ভেঙেছিলেন ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনরত সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারের উচ্চমহল থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে-এমন আশ্বাস দেয়া হয়েছে বলে সেদিন জানিয়েছিলেন জাফর ইকবাল। ওই দিন বিকেলেই শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।