স্টাফ রিপোর্টার ।।
নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামে গুলি করে তিনজনকে হত্যার জেরে গ্রামবাসীর হামলায় নিহত জিহাদ হত্যা মামলার আসামি রেজাউল শেখ ওরফে ক্যাবলা (৪৫)
আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক একেএম মাহফুজুল হক আসামিকে আদালতে হাজির করেন। এসময় রেজাউল এর দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. আল আমিন রেকর্ড করেছেন। রেজাউল মশিয়ালী পূর্বপাড়া এলাকার মৃত. আজিজ শেখের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৬ জুলাই রাতে নগরীর খানজাহান আলী থানার মশিয়ালীতে প্রভাবশালী জাকারিয়া-জাফরিনদের গুলিতে গ্রামের নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয় আরও ১০জন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী জাকারিয়ার আত্মীয় জিহাদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে ও জাকারিয়াদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় নিহত সাইফুল ইসলামের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় ২২জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন যার নং-১২, তারিখ ১৮-৭-২০২০ইং।










































