বিনোদন ডেস্ক।।
আবারও প্লে-ব্যাক করলেন এ প্রজন্মের মিষ্টি কণ্ঠের গায়িকা অনন্যা। আমিনুল ইসলাম বাচ্চু পরিচালিত ‘ফুলজান’ সিনেমার ‘ঝইরা ঝইরা পড়ে’ ও ‘পরাণ বন্ধু’ শিরোনামের দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। আমিনুল ইসলাম বাচ্চুর কথায় গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন নির্ঝর চৌধুরী। গান দুটিতে অনন্যার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন নির্ঝর ও শাহরিয়ার রাফাত।
অনন্যা আচার্য্য বলেন,‘গেলো বছর একটি সরকারী অনুদানে প্লে-ব্যাক করেছি। আর এবার প্লে-ব্যাক করলাম ‘ফুলজান’ সিনেমায়। অনেক অনেক ধন্যবাদ-কৃতজ্ঞতা নির্ঝর ভাইয়াকে আমাকে এই দু’টো গান গাইবার সুযোগ করে দেবার জন্য। সত্যি বলতে কী গান গাইবার সুযোগ করে দেয়াটাও অনেক বড় হৃদয়ের কাজ। অনেকেই ভালো গান করেন। কিন্তু সুযোগের অভাবে নিজেদের প্রকাশ করতে পারেন না। ঈশ্বর সহায়, আমি সেই সুযোগটা পাচ্ছি। যে কারণে বেশ কিছু সিনেমায় আমার প্লে-ব্যাক করা হয়েছে। আশা করছি ফুলজানের এই দু’টো গানও শ্রোতাদের ভালো লাগবে।’
এরইমধ্যে অনন্যার গাওয়া ফোক গান ‘অঙ্গ পুড়ে’ গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গানটি লিখেছেন জহিরুল ইসলাম বাদল এবং সুর করেছেন বুলবুল আনাম। এদিকে আগামী পহেলা ফাল্গুনে প্রকাশিত হতে যাচ্ছে নির্ঝর চৌধুরীর সঙ্গীতায়োজনে নির্ঝর চৌধুরী ও মাহনাজ হোসাইনের কন্ঠে ‘আমার মল্লিাকাবনে’ গানটি।










































