Home আঞ্চলিক ‘সংসার-সন্তান নেই, কার জন্য দুর্নীতি করব’

‘সংসার-সন্তান নেই, কার জন্য দুর্নীতি করব’

8

 কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ।।

তৃতীয় ধাপে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। তিনিই দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান। মঙ্গলবার রাতে কথা হয় দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর সঙ্গে। তিনি  বলেন, আমি দুর্নীতি করতে চাই না। সন্তান নেই, সংসার নেই। কিসের জন্য দুর্নীতি করতে হবে? শুনেছি আগে জন্ম নিবন্ধন, বয়স্কভাতা, বিধবাভাতার কার্ড নিতে হলে বেশি টাকা দিতে হতো। এখন থেকে সরকার নির্ধারিত টাকা ছাড়া ইউনিয়নবাসীর বেশি টাকা গুনতে হবে না।

আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে দ্বিগুণ ভোটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে  চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। শপথ নিয়ে চেয়ারে বসেছেন। নিয়মিত ইউনিয়ন পরিষদে যাচ্ছেন।

গত ৩ জানুয়ারি চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর থেকে বেশ ব্যস্ত সময় পার হচ্ছে।

চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু জানান, ভোটে ইউনিয়নবাসী যে ভালোবাসা দেখিয়েছেন, তার প্রতিদান দিতে চাই। ভোটের পর দলমত নির্বিশেষে মানুষ তার কাছে যাচ্ছেন। তিনিও মানুষের সুখে-দুঃখে থাকার চেষ্টা করছেন। যে দলেরই কর্মী হোক না কেন, আমরা সবাই একসঙ্গে কাজ করব। কে কোন দল করে সেটি তিনি দেখতে চান না। দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান হয়ে এই ইউনিয়নকে দেশের মধ্যে এক নম্বরে নিয়ে যেতে চান। আজীবন জনকল্যাণে কাজ করতে চান।

দুর্নীতি করার কোনো সুযোগ নেই বলে তৃতীয় লিঙ্গের এই চেয়ারম্যান বলেন, ইউনিয়নের কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি দুর্নীতি করে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিজেও যদি দুর্নীতি করেন, তা হলে সরকার যে শাস্তি দেবে তাই মাথা পেতে নেবেন।

ঋতু বলেন, দেশে তৃতীয় লিঙ্গের কোনো স্বীকৃতি ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিজড়া সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়ায় ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী যদি তার দিকে সুদৃষ্টি দেয় তা হলে তিনি ইউনিয়নবাসীর জন্য অনেক কিছু করতে পারবেন। জনগণের ভালোবাসায় তিনি এই চেয়ারে বসেছেন। হিজড়া সম্প্রদায়ের মানুষ হয়েও আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে মানুষের ভালোবাসতে হয় ও ভালোবাসা পেতে হয়।

এলাকার উন্নয়ন নিয়ে এই চেয়ারম্যান বলেন, এই এলাকার রাস্তাঘাট ভালো না। তিনি দ্রুতই রাস্তাঘাট উন্নয়নের উদ্যোগ নেবেন। মানুষের যাতায়াত করতে বেশ দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া মসজিদ-মন্দির, স্কুল-কলেজ নির্মাণের পাশাপাশি এই ইউনিয়নের মানুষের সুচিকিৎসার জন্য তিনি একটি হাসপাতাল নির্মাণ করতে চান।

২৮ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন নজরুল ইসলাম ঋতু। তার প্রাপ্ত ভোট ৯ হাজার ৫৫৭টি। নৌকা প্রার্থী নজরুল ইসলাম সানা পেয়েছেন ৪ হাজার ৫২৯টি ভোট।

ত্রিলোচনপুর ইউনিয়নের ধলা দাদপুর গ্রামের আব্দুল কাদের ও ফাতেমা বেগম দম্পতির সন্তান ঋতু। ছোটবেলায় মা মারা যান। আর গত ৫ বছর আগে তার বাবার মৃত্যু হয়। ৭ ভাইবোনের মধ্যে ঋতু তৃতীয়। তারা ৩ ভাই ঢাকাতে থাকেন ও বোনেদের বিয়ে হয়ে গেছে।

জানা গেছে, গ্রামের স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সময় নজরুল ইসলাম ঋতুর তৃতীয় লিঙ্গের বিষয়টি প্রকাশ পায়। এ কারণে সমাজে নানা বিড়ম্বনার মুখে পড়তে হয় তাকে। বাধ্য হয়ে ১০ বছর বয়সেই গ্রাম ছাড়তে হয়। রাজধানীর মিরপুরে তার ভাই বাচ্চু মিয়ার বাড়িতে ওঠেন। কিন্তু লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কিছু দিন পর সেখান থেকে চলে যেতে হয়।

এর পর আশ্রয় নেন সিদ্ধিরগঞ্জ এলাকায় তৃতীয় লিঙ্গের দলে। তবে এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। গরিব ও অসহায় মানুষকে নিজের জমানো টাকা থেকে সহযোগিতা করতেন। গত ১৫ বছর ধরে তিনি এলাকার মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।