নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে মাদক মামলায় মামা-ভাগ্নেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩১ জানুয়ারি) ১২টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কেরামত আলী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দণ্ডাদেশ দেন। দণ্ডিতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাধীন লেবুতলা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মো. মুকুল হোসেন ও একই গ্রামের হযরত আলীর ছেলে ইসমাইল হোসেন। তারা দুজন মামা-ভাগ্নে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, আসামিরা মটর সাইকেল যোগে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪৮ বোতল পেন্সিডিল পাচার কালে গত ২০১৪ সালের ৩ জুলাই নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকা থেকে ডি বি পুলিশের অভিযানে হাতেনাতে ধরা পড়ে। ওই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় ডিবির করা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্ত শেষে পুলিশ একই বছরের ১৬ আগস্ট দুই আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ৭ বছরের বেশি সময় ধরে চলা মামলাটিতে মোট ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা আনাদায়ে এক বছর কারাদণ্ড দেন।











































