Home আঞ্চলিক মণিরামপুরে তথ্যপ্রযুক্তি আইনে দুই মামলা

মণিরামপুরে তথ্যপ্রযুক্তি আইনে দুই মামলা

14

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে দুইটি মামলা হয়েছে। রোববার সন্ধ্যায় সদ্য প্রত্যাহার হওয়া সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান ও উপজেলা সহকারী প্রগ্রামার প্রহল্লাদ দেবনাথ বাদী হয়ে মামলা দুটি করেছেন।

ছবি: এসি ল্যান্ডকে নিয়ে কুরুচিপুর্ণ মন্তব্যকারীর আইডি———খুলনাঞ্চল

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গত শুক্রবার বিকেলে অভিযানে গিয়ে সদ্যপ্রত্যাহার হওয়ায় সাইয়েমা হাসান উপজেলার চিনাটোলা বাজারে চার বৃদ্ধকে কান ধরানোসহ নিজেই মোবাইলে ছবি তোলেন। ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে কু-রুচিপূর্ণ মন্তব্য শুরু হয়। যা নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের এক কর্মকর্তা জাফর আহমেদসহ অনেকেই ফেসবুকে খারাপ মন্তব্য করেন। বিষয়টি নজরে আসার পর সাইয়েমা হাসান রোববার সন্ধ্যায় বাদী হয়ে মণিরামপুর থানায় জাফর আহমেদের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেন।

ছবি: উপজেলা প্রশাসনের হ্যাক করা আইডি———খুলনাঞ্চল

এই ঘটনায় ইতিমধ্যে জাফর আহমেদ ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে বলে খবর রটেছে। তিনি ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলের দনিয়া দক্ষিণ শেখদি এরশাদউল্লাহ সড়ক-২ এর আবু বকর সিদ্দিকের ছেলে।

এদিকে সাইয়েমা হাসানের ঘটনাটি ভাইরাল হওয়ার পর মণিরামপুর উপজেলা প্রশাসনের আইডি হ্যাক করে তাতে কানে ধরানো একটি ছবি পোস্ট করে হ্যাকার গ্রুপ। ওই ঘটনায় উপজেলা সহকারী প্রগ্রামার প্রহল্লাদ দেবনাথ বাদী হয়ে অপর মামলাটি করেন।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এসিল্যান্ড সাইয়েমা হাসান ও প্রহল্লাদ দেবনাথ বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে দুটি মামলা করেছেন। জড়িতদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।