Home আঞ্চলিক আর্মি সার্ভিস কোরের ৪০তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আর্মি সার্ভিস কোরের ৪০তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

12

স্টাফ রিপোর্টার।।

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪০তম বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২১ সোমবার খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীর প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সামরিক কর্মকর্তা ও আর্মি সার্ভিস কোরের অধিনায়কদের উদ্দেশে তাঁর দিকনির্দেশনা এবং উপদেশমূলক বক্তব্য দেন। এ সময় তিনি মহান স্বাধীনতাযুদ্ধে আর্মি সার্ভিস কোরের আত্মোৎসর্গকারী বীর শহীদদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।

বক্তব্যে তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সাথে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমুখী এবং উদ্ভাবনী চিন্তাচেতনাসম্পন্ন প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আর্মি সার্ভিস কোরের ভূমিকার প্রশংসা করেন এবং কোরের প্রত্যেক সদস্যকে অভিনন্দন জানান।

সম্মেলনে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং আর্মি সার্ভিস কোরের ঊর্ধ্বতন সামরিক অফিসাররা উপস্থিত ছিলেন।

আর্মি সার্ভিস কোরের ৪০তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধানের উপস্থিতিতে অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি ও কোরের সদস্যদের মাঝে দেশসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে।