Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

7
সুন্দরবনের ছবি

দ্রুত খুলনা মহানগরীর সকল সড়ক সংস্কারের দাবী খুলনা বিএনপির

খবর বিজ্ঞপ্তি।।

বিভাগীয় শহর, বন্দর-শিল্প, বানিজ্য ও ট্যুরিজম নগরী খুলনার সড়কগুলোর সীমাহীন দুরাবস্তা, ভাংগা-চোরা ও আবর্জনার স্তুপে একটি দূর্গন্ধময় নগরীতে পরিণত হয়েছে বলে দাবি করেছেন খুলনা মহানগর বিএনপি।

রবিবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, এক সময়ের ঐতিহ্যবাহী শিল্প ও বন্দর নগরী বর্তমানে ট্যুরিজম শহর খুলনার বিধ্বস্থ সড়ক, অপরিষ্কার ড্রেন, ময়লার স্তুপ ও দূর্গন্ধময় শহর চলাচল ও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। শহরে প্রবেশের পথ রূপসা-শিপইয়ার্ড রোড, গল্লামারী-ময়লাপোতা সড়ক, সোনাডাঙ্গা বাসষ্ট্যান্ড বাই রোড, জলিল স্মরণী, মুজগুন্নি সড়ক, বাসষ্ট্যান্ড-মেডিক্যাল কলেজ রোড, আবু নাসের হাসপাতাল বাইপাস সড়ক, বিআইটি বাইপাস সড়ক দিয়ে যান চলাচল প্রায় বন্ধ হতে চলেছে। এছাড়া মুল শহরের প্রায় সকল সড়কের বেহাল দশা, শিল্পাঞ্চল শহর খালিশপুর প্রবেশ ও বের হওয়ার পথে মহাদূর্ভোগ। এছাড়া সামসুর রহমান রোড, আহসান আহমেদ রোড, হাজী মুহসীন রোড, খানজাহান আলী রোড, মিয়াপাড়া, টুটপাড়া, বকসীপাড়া প্রধান সড়কসহ ৩৪টি ওয়ার্ড ইউনিয়নের সকল মুল সড়কেরই একই অবস্থা। খুলনায় বেড়াতে আসা মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে বর্তমান শহরের অবস্থা দেখে। গত এক বছর ড্রেন পরিষ্কার না করায় ড্রেন উপচিয়ে পানি রাস্তায় উঠছে। তার ওপর নতুন বিড়ম্বনা জোয়ারের পানিতে নগরবাসী রাস্তায় চলতে পারে না, জুতা-স্যান্ডেল হাতে নিয়ে চলতে হয় পথিককে। বিএনপি নেতারা আরো বলেন, ড্রেনের পানি নিস্কাশনে কয়েকটি স্লুইস গেট নষ্ট হওয়ার পরও দীর্ঘদিন মেরামতের কোন উদ্যোগ নেই। সরকার ও সরকারি দলের উন্নয়নের জোয়ারের গল্প চালু থাকলেও খুলনা নগরী এখন বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। প্রতিনিয়ত বয়োবৃদ্ধ রোগী, মহিলা-শিশু বৃদ্ধাদের চলাচলে কষ্ট হচ্ছে। যানবাহন ক্ষতিগ্রস্থ হচ্ছে হরহামেশা। বাড়ি ভাড়া হচ্ছে না, নগরবাসি পর্যাপ্ত সেবা পচ্ছে না অথচ ট্যাক্সের টাকা না দিলে মালক্রোক করছে। করোনাকালের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি জনগণ। ব্যবসা বানিজ্যে চলছে বন্ধত্ব। সেদিকে খুলনা সিটি কর্পোরেশনের কোন খেয়াল নেই।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে খুলনা সিটি কর্পোরেশন ও সড়ক-জনপথ বিভাগকে ঘুমিয়ে না থেকে বিভাগীয় শহর খুলনার সড়ক উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে এবং তা আগামী শীত মওসুমের মধ্যে। একই সাথে অফিসের এসি রুমের মধ্যে বসে কর্মপরিকল্পনা তৈরী না করে জনগণের বাহনে সরেজমিন ঘুরে বাস্তব পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছে। 

বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

দিঘলিয়ার ৫৯ টি পুজা মন্দির পেল অনুদানের অর্থ সহায়তা

আসাদ, দিঘলিয়া

গতকাল দুপুর ১:০০ টায়  দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে আসন্ন স্বার্বজনীন দূর্গা পুজা পালন উপলক্ষে দিঘলিয়া উপজেলার অন্তর্ভুক্ত মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও মাননীয় প্রধানমন্ত্রী এবং খুলনা-০৪ আসনের সাংসদ সদস্যের ব্যাক্তিগত তহবিল হতে অনুদানের অর্থ প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনার আধুনিক  বাংলাদেশে যে সম্প্রিতি বজায় রয়েছে তা বিনষ্ট করার জন্য একদল বিশেষ গোষ্ঠীর তৎপর রয়েছে। আসন্ন দূর্গাপুজায় কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে পুলিশ প্রশাসনকে সজাক দৃষ্টি রাখতে বলেন। তিনি আরও বলেন সবাইকে স্বাস্থ্য বিধি মেনে পুজা উৎযাপন করতে হবে এবং ধর্ম যারযার উৎসব সবার এ কথা সবাইকে মনে রাখতে হবে।

দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য ফারহানা হালিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার সমীর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল, শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মকবুল হোসনে, সদস্য কে এম আসাদুজ্জামান, সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক মন্জুর হোসেন, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, কৃষক লীগের সভাপতি খান আবু সাইদ, যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সহ-সভাপতি শেখ রিয়াজ, ছাত্রলীগের সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, শেখ আল-আমীন, উপজেলা পুজা উদজাপন পরিষদের সভাপতি সৌমিত্র দাস, সাধারণ সম্পাক প্রদিপ ক্মুার সহ প্রতিটি পুজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এবার উপজেলার ৬ টি ইউনিয়নে ৫৯ টি পূজা মন্দিরে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। প্রতিটা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে ১৮০০০ টাকা এবং খুলনা-০৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর ব্যাক্তিগত তহবিল হতে ৩০০০ টাকা প্রদান করা হয়।

পথের বাজার  চেকপোষ্ট থেকে পুলিশ অস্ত্রসহ ১ যুবককে আটক করেছে

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানার পথের বাজার চেকপোষ্ট  থেকে পুলিশ অস্ত্রসহ  ১জনকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃতব্যক্তি বাগেরহাট জেলার মোংলা থানার সরকার বাড়ির মালগাজী গ্রামের রেজি সরদারের পুত্র জনি সরদার (৩৫)। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১০ অক্টোবর রবিবার বেলা দেড়টায় ঢাকা থেকে খুলনাগামী হানিফ পরিবহনের ১টি বাস তল্লাশী চলাকালে আটককৃত ব্যক্তি বাসের জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এ সময় পথের বাজার ফাঁড়ি ইনচার্জ এস আই রাকিুবুল ইসলাম , এএসআই গাজী ফেরদৌস আহম্মেদ , খসরু পারভেজ সঙ্গীয় ফোর্স সহ আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি সহ আটক করে । খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

নৌকা প্রতিকের বিপক্ষে কাজ করলে তাকে দল থেকে স্থায়িভাবে বহিস্কার করা হবে শিরোমনিতে এমডি বাবুল রানা

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমডি বাবুল রানা বলেছেন আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করলে তাকে দল থেকে স্থায়িভাবে বহিস্কার করা হবে । ভবিষ্যতে তাকে আর দলে ফেরানোর কোন সুযোগ নেই ১০ অক্টোবর রবিবার বিকালে শিরোমনি শহীদ মিনার চত্তরে ফুলতলা উপজেলার ৪ টি ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থীদের দলিয় নেতাকর্মিদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন । এর আগে ঢাকা থেকে ফেরার পথে আওয়ামীলীগের দলিয় মনোনয়নপ্রাপ্ত নৌকার  প্রার্থী ফুলতলা সদর ইউনিয়নে মোল্লা আলি আজম  মোহন, জামিরা হইউনিয়নে  আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী, দামোদার ইউনিয়নে শরিফ মোঃ ভুইয়া শিপলু ও আটরা গিলাতলা ইউনিয়নে শেখ মনিরুল ইসলাম কে নিয়ে ৪ টি ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মিসহ এলাকার হাজার হাজার মানুষ  ফুলতলা শেষ সিমানা থেকে নৌকার ৪ চেয়ারম্যান প্রার্থীকে মটরশোভাযাত্রার মাধ্যমে শিরোমনি শহীদ মিনারে এসে পৌছায় । সেখানে তাদেরকে এক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ , খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স,ম রেজওয়ান আলী সহ এলাকার বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ । এ দিকে মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বর্তমান চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম বলেন পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে বিগত দিনের উন্নয়নের গতিধারা অব্যহত রাখবো । আটরা গিলাতলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে দলিয় নেতাকর্মিসহ সকলকে সাথে নিয়ে কাজ করবো।  বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনার যে ঘোষনা গ্রামকে শহরে রুপান্তরিত করা সে লক্ষে কাজ করে যাবো ।

বাগেরহাটে ঠিকাদারকে গুলির ঘটনায় আটক –১,পিস্তল উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সিরাজুল ইসলামকে গুলি করার ঘটনায় করা মামলায় দুলাল আকন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোর রাতে ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে দুলাল আকনকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে দুলালের বাড়ির পাশের বাগান থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুলাল বাগেরহাট শহরের পশ্চিম হাড়িখালী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মাদক ও মারামারিসহ ১১টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি জামিনে ছিলেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহরতলীর পশ্চিম হাড়িখালী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন সিরাজুল ইসলাম মনক। স্থানীয়রা গুলির শব্দ শুনে সেখানে গিয়ে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে খুলনার গাজী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পরের দিন রাতে তার ভাই বাগেরহাট মডেল থানায় দুই জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার মামলা করেন।

ঠিকাদারকে হত্যা চেষ্টার মামলার বিবরণে বলা হয়, পশ্চিম হাড়িখালী এলাকার চিহ্নিত মাদক কারবারি দুলাল আকন। তাকে মাদক কারবারে বাধা দেয়ায় ঠিকাদার সিরাজুল ইসলামের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় সিরাজুলের পায়ে গুলি করেন তারা।

বাগেরহাট মডেল থানার ওসি কে.এম আজিজুল ইসলাম বলেন, ‘সিরাজুল ইসলামকে গুলি করার ঘটনায় করা মামলায় দুলাল আকন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মাদক ও মারামারিসহ ১১টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি জামিনে ছিলেন।’

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিটি মেয়রের শুভেচ্ছা বাণী

 খবর বিজ্ঞপ্তি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আবহমানকাল থেকে হিন্দু ধর্মালম্বীরা এ দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উৎসবমূখর পরিবেশে সার্ব্বজনীন দুর্গোৎসব পালন করে আসছেন যা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।

শুভেচ্ছা বাণীতে তিনি আরো বলেন, বোধনের মাধ্যমে পশু শক্তির বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠাই দুর্গা পূজার মূল সুর। তাই দুষ্টের দমনের পাশাপাশি বিশ্বজনীন শান্তির প্রত্যাশায় দুর্গোৎসব পালিত হয়। পাশাপাশি দুর্গোৎসব প্রতি বছর বয়ে আনে আনন্দ ও শান্তির বারতা। শান্তির এই অমীয় ধারায় সৌহার্দের মেল বন্ধনে এ দেশে গড়ে উঠেছে অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতি যা জাতি হিসেবে আমাদের করেছে গর্বিত।

দুর্গোৎসবের আনন্দ ও চেতনা সকলের মাঝে প্রীতি ও ভালোবাসা জাগ্রত করুক,  পারস্পারিক ঐক্যের বন্ধন হোক আরো সুদৃঢ়, অম্লান হোক সুখ-সমৃদ্ধি, অসত্য ও অসুন্দরের বিরুদ্ধে নিবেদিত হোক সকল প্রয়াস, সনাতন ধর্মালম্বীদের আনন্দ উৎসবে সিটি মেয়র এ প্রত্যাশা ব্যক্ত করেন।

খুলনা জেলা কালচারাল অফিসারের সাথে সৌজন্যে সাক্ষাতে লেখক-শিল্পী এক্যজোট খুলনার নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি

রবিবার সকাল ১০.০০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমীতে জেলা কালচারাল অফিসারের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন লেখক-শিল্পী ঐক্যজোট, খুলনার নেতৃবৃন্দ। জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা নেতৃবৃন্দের কথা ধৈর্য্যসহকারে শোনেন এবং প্রকৃত লেখক-শিল্পীদের যারা তৃণমূল পর্যায়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাস করে তাদেরকে খুঁজে বের করে শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করতে লেখক-শিল্পী ঐক্যজোট নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। জোটের আহবায়ক বেতার ব্যক্তিত্ব এস এম হুসাইন বিল্লাহ কালচারাল অফিসারকে আশ^স্ত করে বলেন-লেখক-শিল্পী ঐক্যজোট তৃণমূল কবি-শিল্পী-সাহিত্য কর্মীদের খুঁজে  দেশের শিল্প-সাহিত্য ও সাংস্কৃতির কল্যাণে শিল্পকলা একাডেমীর সাথে সম্পৃক্ত করে সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিতেই কাজ করে যাচ্ছে।

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন আহবায়ক কবি শেখ অলিউর রহমান, কবি মোঃ ইমদাদ আলী, সংগঠনের অন্যতম সদস্য অধ্যাপক কল্লোল কুমার রক্ষিত, অধ্যাপক অনিমেষ মিস্ত্রি, অধ্যাপক পরিমল বিশ^াস, এম এম তৈয়াবুর রহমান, পরিমল মল্লিক এবং সংগঠনের সদস্য সচিব এল কে টফি প্রমুখ।

সরকার দেশে সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে বদ্ধপরিকর: সালাম মূশের্দী এমপি

রূপসা প্রতিনিধি

হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে খুলনা-৪ আব্দুস সালাম মূশের্দী  বলেছেন, সরকার দেশে সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে বদ্ধপরিকর। আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করে যাচ্ছে।

 তিনি বলেন, সরকার ইতোমধ্যে দুর্গোৎসব পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া বিভিন্ন মন্দিরে অনুদান বিতরণ করে যাচ্ছে।করোনা সহনীয় পর্যায়ে আসলেও মাস্ক পরিধানসহ সরকারের নিদের্শনা গুলো মেনে উৎসব পালন করতে হবে। ধর্মীয় অনুষ্ঠান পালনে প্রতিটি সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।

 রবিবার বিকালে রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে  শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মন্দির কমিটির সদস্যদের সাথে মতবিনিময় ও প্রধানমন্ত্রী ও এমপি’র ব্যক্তিগত   অর্থায়নে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

  উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা কৃষকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল।

এসময় বক্তৃতা করেন  উপজেলা কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, ভাইচ চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,  ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, আলহাজ্ব ইসহাক সরদার. উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আ:মজিদ ফকির, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক চেয়ারম্যান শাহাজাহান কবীর প্যারিস, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আজমল ফকির,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন,  হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ পাল, সুব্রত বাগচি,মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান লিটন,মিজান সরদার, রুহুল আমিন রবি,রাজিব দাস,নাসির হোসেন সজল প্রমূখ।

 রামপালে স্থগিত হওয়া রাজনগর ইউপি নির্বাচনে ৪ জনের মনোনয়ন জমা

স্টাফ রিপোর্টার ।।

রামপালের রাজনগর ইউপিতে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু জনিত কারনে স্থগিত হওয়া নির্বাচনে রবিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে দুইজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পূর্বের দুই জনসহ এ নিয়ে ওই ইউনিয়নে মোট ৪ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নৌকা প্রতীকের সুলতানা পারভীন ময়না, স্বতন্ত্র প্রার্থী বদরুল হুদা হিরু, মো. মিজানুর রহমান ও আমিনুর রহমান। উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ, গত ১০ আগষ্ট রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী সরদার আ. হান্নান ডাবলু’র মৃত্যু জনিত কারনে নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। তার সহধর্মিণী কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডের কাছে স্বামীর স্থলে নৌকা প্রতীক চেয়ে আবেদন করেন। নির্বাচনী মনোনয়ন বোর্ড তাকে নৌকা প্রতীক প্রদানের পর তিনি রবিবার তার মনোনয়ন জমা দেন। আওয়ামী লীগ থেকে অনেক চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করলেও সরকারিভাবে জমাদানের শেষ দিনে তেমন কাউকে দেখা যায়নি।

কেশবপুরে আদালতের নির্দেশনা অমান্য করে স্থাপনা নির্মানের চেষ্টা, বন্ধ করে দিলো পুলিশ

কেশবপুর(যশোর) প্রতিনিধি

 কেশবপুর পৌর শহরের ১নং ওয়ার্ডের হাসপাতালের  পূর্ব পার্শ্বের শেখ আব্দুল মজিদের ছেলে শেখ ভিলার স্বত্ত্বাধিকারী শেখ শহীদুল্লাহ এর বসত বাড়ির পাশে ৪ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসত ঘর নির্মান করছেন উপজেলা তেঘরি এলাকার আসাদুজ্জামান মোড়লের ছেলে সাজ্জাত হোসেন। পৌরসভার নিয়ম নীতি না মেনেই তিনি বসত ঘর নির্মানের সময় নিজের জমির সাথে শহীদুল্লাহ এর ফাকা একটি জমি দখল করে সেখানে স্থাপনা নির্মান শুরু করেন। বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে নিষেধ করলে কাজ বন্ধ রাখে। পরবর্তীতে কতিপয় প্রভাবশালী ব্যক্তি, একদল সন্ত্রাসী গ্রুপ ম্যানেজ করে জোরপূর্বক জমি দখল করে স্থাপনা নির্মান কার্যক্রম অব্যহত রেখেছে। নিরুপায় হয়ে শেখ শহীদুল্লাহ কেশবপুর মৌজার ১২৪ খতিয়ানের ২৫০ দাগের ১১ শতক তাদের মালিকানাধীন জমিতে স্থাপনা নির্মান বন্ধে বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেন। বুধবার বিজ্ঞ আদালত ওই জমিতে নতুন স্থাপনা বন্ধে নিষেধাজ্ঞা জারি করেন। যার মামলা নং-১০২৭/২১ ধারা ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৪ এবং স্মারক নং-১৯১৮, তাং-০৬.১০.২১। আদালতের নির্দেশনা মোতাবেক কেশবপুর থানা পুলিশ শাস্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে উল্লেখিত স্থানে স্থাপনা নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন। আদালতের নির্দেশনা অমান্য করে সাজ্জাত হোসেন পৌর এলাকার প্রভাবশালী এক জনপ্রতিনিধিকে বিপুল পরিমান উৎকোচ দিয়ে বৃহস্পতিবার স্থাপনা নির্মান শুরু করে। খবর পেয়ে কেশবপুর থানার উপপরিদর্শক লিখন সরকার ঘটনাস্থলে গিয়ে শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে সকল নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এবিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক ওই জমিতে স্থাপনা নির্মান কাজ বন্ধ করে দেয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

কেশবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

কেশবপুর (যশোর) থেকে শহিদুল ইসলাম:

যশোরের কেশবপুর উপজেলার নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে গতিসিমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুর উপজেলা ত্রিমোহিনী চত্বরে এক পথসভার আয়োজন করেন কেশবপুর উপজেলার নিরাপদ সড়ক চাই এর সংগ্রামী আহবায়ক মোঃ হারুন-অর-রশিদ বুলবুল। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা কেশবপুর উপজেলা কৃষকলীগের সংগ্রামী সাধারন স¤পাদক রমেশ চন্দ্র দত্ত, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আশরাফুজ্জামান, কেশবপুর ছাত্রলীগের কর্ণধর সংগ্রামী ছাত্র নেতা শাহরিয়ার হাবিব। এছাড়া আরও বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সদস্য শরিফুল ইসলাম এম এ মান্নান রাকিবুল হাসান বাবু মাহবুবুর রহমান মিলন দাস রেজাউল ইসলাম সহ প্রমুখ  নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার আহবায়ক হারুন-অর-রশিদ বুলবুল বলেন আগামী ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে মাসব্যাপী কর্মসূচির আলোকে লিফলেট বিতরণ বৃক্ষরোপণ বিভিন্ন স্কুল-কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জনসচেতনতামূলক ক্যা¤েপইন সকল শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময় কেশবপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ম জনসচেতনতামূলক ক্যা¤িপং এর মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধ করতে কেশবপুরের সকল স্তরের মানুষের সহযোগিতার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সারা বিশ্বের রোল মডেল। তিনি সড়ক দুর্ঘটনা রোধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনে আমরা শরিক হতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করি ইলিয়াস কাঞ্চনের এই আন্দোলনকে শক্তিশালী করতে আমরা শপথ করছি আপনার সাথে থেকে সকল আন্দোলন সংগ্রামে আছি এবং থাকব সবশেষে আগামী ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

রামপালে শিশু সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও গণস্বাক্ষর কর্মসূচী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

‘শিশুর জন্য বিনিয়োগ করি সমৃদ্ধ বিশ্ব গড়ি’ এই শ্লোগানে বাগেরহাটের রামপালে শিশু অধিকার সপ্তাহ’র আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ড ভিশনের সহযোগীতায় জাতীয় শিশু সপ্তাহ’র আলোচনা সভা, গণস্বাক্ষর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশরৎ জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, রামপাল এপি শিশু ফোরামের সভাপতি লোকমান হেকিম ইমন, এপি যুব ফোরামের সভাপতি তুমি বিশ্বাস, ওয়ার্ড ভিশন প্রজেক্ট ম্যানেজার ইয়ুথ এমপাওয়ারড ফ্রান্সিস মন্ডল, রামপাল এপিসির সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, মানিক হালদার, ফিলিপ আরিন্দা, আবেদা সুলতানা, লিপি পাণ্ডে, নিপা সরকার ও শিশির বিশ্বাস।

অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন শিশুদের ভবিষ্যৎ, বেড়ে উঠা ও নানা প্রতিকূলতার বিষয়ে করণীয় সম্পর্কে পরামর্শ দেন।

শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

তথ্য বিবরণী

আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ (রবিবার) বিকেলে খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষ্যে ১৮ অক্টোবর আলোচনা সভা, নগরীর সকল মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আলোচনা অনুষ্ঠানে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খুলনা জেলা তথ্য অফিস দিবসটি পালনের অংশ হিসেবে নগরীর জনগুরুত্বপূর্ণ স্থানে শেখ রাসেল এবং জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করবে।  প্রতœতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয়  জাদুঘরে ঐ দিন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশের সুবিধা থাকবে। এছাড়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে শিশুদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ ও বৃক্ষ রোপন করা হবে।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, খুলান সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় করোনার উপসর্গে নিয়ে ৩ জনের মৃত্যু

খান নাজমুল  হুসাইন , সাতক্ষীরা

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তারা মারা যান। উপসর্গে মৃতরা হলেন, তালা উপজেলার রেউই গ্রামের হালিমা খাতুন (৪৫),

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ গ্রামের আব্দুল জলিল (৭০) ও দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের রিয়াদ গাজী (১২) । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার

নানা উপসর্গ নিয়ে সম্প্রতি তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ

নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭১৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ সময় সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

মোংলা বন্দর সিবিএ নির্বাচনে আলোচনায় ট্রাফিকের এনামুল হক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

জমে উঠেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের দ্বি-বার্ষিক নির্বাচন। প্রায় সাড়ে ৮শ কর্মচারীদের এই নির্বাচনে তিনটি প্যানেল আলাদাভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। তবে পৃথক এ তিনটি প্যানেলের মধ্যে নাসির মৃধা-পল্টু পরিষদের কার্যকরী সভাপতি পদে প্রথমবার নির্বাচন করছেন ট্রাফিক বিভাগের সিনিয়র আউটডোর এ্যাসিসেন্ট মোঃ এনামুল হক। আর তাতেই সাধারণ ভোটারদের মাঝে সরব আলোচনায় উঠে এসেছেন তিনি।

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত এই নির্বাচনকে সামনে রেখে মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের মোঃ এনামুল হক কাঁক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটাদের দ্বারে দ্বারে ছুটছেন। সৎ ও আদর্শবান হিসেবে পরিচিত এই প্রার্থী ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। যা ভোটারদেরও আকৃষ্ট করছে। বন্দরের কর্মচারীরাও এমন প্রার্থীকে পেয়ে দারুন খুশি। তারা বলছেন, তাকে নির্বাচিত করতে আমরাও পরিশ্রম করছি।

মোঃ এনামুল হকের দুই প্রতিদ্বন্ধী প্রার্থী মুশফিকুর রহমান ও হারুন অর রশীদের কাছ থেকে হয়রানী ছাড়া কর্মচারীদের উপকার মেলেনি উল্লেখ করে বন্দরের ট্রাফিক বিভাগের রেজানুর রহমান খাঁন, মোঃ শহিদুজ্জামান, সিদ্দিকুর রহমান, হাইড্রোগ্রাফিক শাখার নাজিরুল ইসলাম, সিভিল ও হাইড্রোলিক শাখার আবুল হোসেন, অর্থ ও হিসাব বিভাগের শরিফুল ইসলাম, আসাদ সর্দার, হারবার বিভাগের আঃ আলিম, মোহাম্মাদুল্লাহ, মোশারেফ হোসেন, যান্ত্রিক ও তড়িৎ বিভাগের আনিসুর রহমান, রেজাউল করিম, প্রশাসন বিভাগের মিজানুর রহমান, নাসিমা আক্তার, জাহাঙ্গীর আলম ও মেডিক্যাল বিভাগের ফরহাদ হোসেন বলেন, এনামুল হক কর্মচারী বান্ধব সাদা মনের মানুষ। তার কাছ থেকে সব সময় যে কোন সমস্যার সমাধানসহ উপকার খুঁজে পাই। তাকে বাদ দিয়ে অন্য কোন প্রার্থীকে ভাবতে পারিনা। ১৭ তারিখ এনামুল হকের কলম প্রতীকে ভোট দিয়ে জয়লাভ করে আমরা ঘরে ফিরবো বলেও জানান তারা।

প্রার্থী এনামুল হক বলেন, কর্মচারীদের অনুরোধে আমি প্রার্থী হয়েছি। যেহেতু নির্বাচন করছি এবং তারা আমাকে ভোট দিবে তাদের এই আমানত আমি কর্মের মাঝে পরিশোধ করবো। দলমত নির্বিশেষে এবং আঞ্চলিকতার উর্দ্ধে থেকে সকলকে সাথে নিয়ে কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়সহ বন্দরের চলমান উন্নয়নে সহযোগিতা করে সরকারের ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সহযোদ্ধা হিসেবে কাজ করে যাবেন বলেও জানান তিনি।

নড়াইলের বাঁধাঘাট কেন্দ্রীয় দুর্গামন্দিরের উদ্বোধন

মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ

 নড়াইলের দৃষ্টিনন্দন বাঁধাঘাট সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দিরের উদ্বোধন হয়েছে। আজ রোববার দুপুর ১টায় উদ্বোধনী অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মাননীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। উদ্বোধক হিসেবে ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা ও যশোর-নড়াইল রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার

প্রবীর কুমার রায়, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, বাঁধাঘাট সার্বজনীন কেন্দ্রীয় দূর্গামন্দিরের কার্যকরী সভাপতি অসীম কাপুড়িয়া, সাধারন সম্পাদক নিলাংশু শেখর সরকার নীপু প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধাঘাট সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দিরের সভাপতি শিশির কুমার বৈরাগী।

হাড্ডাহাডির লড়াই শেষে মহেশপুরে ১২ ইউপিতে নৌকা প্রতীন পেলেন যারা

শামীম খান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ইউপি নির্বাচনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়ে অনেক জল্পনা কল্পানা আর কেন্দ্রে হাড্ডাহাডির লড়াই শেষে ঝিনাইদহের মহেশপুরে ১২টি ইউনিয়নে দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেলেন ১১ নেতা আর ১ নেত্রী।

এর মধ্যে ১নং এসবিকে ইউনিয়নে শামীমা সুলতানা শিউলী,২নং ফতেপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,৩নং পান্তাপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইসমাইল হোসেন,৪নং স্বরুপপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,৫নং-শ্যামকুড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আমানউল্লা হক,৬নং নেপা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল আলম মৃধা,৭নং কাজিরবেড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা,৮নং বাঁশবাড়ীয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নওশের আলী মল্লিক,৯নং যাদবপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ,১০নং- নাটিমা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার,১১নং-মান্দারবাড়ীয়া ইউনিয়নে উপজেলা কৃষকলীগের সভাপতি আমিনুর রহমান,১২ নং-আজমপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজান আলী দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেয়েছেন।

নড়াইলে চিত্রশিল্পী এসএম সুলতানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি ॥

নড়াইলে নানা আয়োজনের মধ্যদিয়ে নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে রোববার (১০ অক্টোবর)  সকালে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এসএম সুলতান স্মৃতি কমপ্লেক্স ও শিশুস্বর্গে  কোরআন খানি, শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পন, স্মৃতিচারণ, মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমী, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মূর্ছনা সঙ্গীত একাডেমীসহ সরকারি ও বে-সরকারি বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে  স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টায় চিত্রশিল্পী সুলতানের সমাধিতে পুস্পমাল্য অর্পন করা হয়।

চিত্রশিল্পীর ২৭তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফখরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএম কামরুজ্জামান, সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ অনাদী বৈরাগী,সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মলয় কুন্ডু, সেক্রেটারী শরফুল আলম লিটু, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সেক্রেটারি শামীমূল ইসলাম টুলু প্রমূখ।

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় জন্মগ্রহন করেন। তিনি ১৯৮২ সালে একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সম্মাননা হিসেবেও স্বীকৃতি পান তিনি। সুলতানের শিল্পকর্মের বিষয়বস্তু ছিল বাংলার কৃষক, জেলে, তাঁতি কামার, কুমার, মাঠ, নদী, হাওর, বাঁওড়, জঙ্গল, সবুজ প্রান্তর ইত্যাদি। শিল্পী সুলতানের ছবি ভারতের সিমলা, পাকিস্তানের লাহোর, করাচি, নিউইয়র্ক, বোস্টন, মিশিগান বিশ্ববিদ্যালয়, লন্ডন, এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও জার্মান সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকায় খ্যাতনামা বিভিন্ন চিত্রশিল্পীদের সঙ্গে যৌথভাবে প্রদর্শিত হয়।১৯৯৪ সালের ১০ অক্টোবর চিরকুমার,অসাম্প্রদায়িক এই শিল্পী দীর্ঘদিন শ্বাসকষ্টে ভোগার পর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।নড়াইলের নিজ বাড়ির আঙ্গিনায় তাকে সমাহিত করা হয়।সুলতানের স্মৃতিকে ধরে রাখার জন্য তাঁর নিজ বাড়িতে নির্মিত হয়েছে এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা।

বটিয়াঘাটায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি

নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে  আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণের দিনকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলার ৩ টি ইউনিয়নে নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পেয়েছেন ২নং বটিয়াঘাটা সদর ইউনিয়নে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপির তনয় উপজেলা আ’লীগের সদস্য ও আইসিটি সহকারী শিক্ষক পল্লব বিশ্বাস রিটু। ৪নং সুরখালী  ইউনিয়ন পরিষদে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন  আ’লীগের সভাপতি মোঃ জাকির হোসেন লিটু। ভান্ডারকোট ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ । খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আ’লীগের পক্ষ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। অন্যদিকে উপজেলার ৭ ইউপির মধ্যে গত ২০ সেপ্টেম্বর প্রথম ধাপে ৩টি ইউনিয়নে গঙ্গারামপুর, বালিয়াডাঙ্গা ও আমীরপুরে  ভোট গ্রহণ সম্পন্ন হয়। বাকি ৪টির মধ্যে দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ৩ টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এ উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে একমাত্র জলমা ইউনিয়নে আইনি জটিলতার কারণে দ্বিতীয় ধাপে নির্বাচন হচ্ছে না বলে জানা গেছে। এ উপজেলায় আ’লীগের প্রার্থী চুড়ান্ত হওয়ায় নেতা কর্মীদের মধ্যে নতুন ইমেজ তৈরি হয়েছে । পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যে ও নির্বাচনের হাওয়া পুরো দমে বইতে শুরু করেছে। অপরদিকে অন্যান্য দল ও স্বতন্ত্র চেয়ারম্যান পদের প্রার্থী এবং ইউপি সদস্য প্রার্থীরা আগামী ১৭ অক্টোবর মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখকে সামনে রেখে ইতিমধ্যে অনেকেই নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। প্রথম ধাপে স্থানীয় আ’লীগের দলীয় কোন্দলের কারণে ৩ ইউনিয়নের মধ্যে ১ টিতে নৌকার প্রার্থী জয়ী হয়। দ্বিতীয় ধাপের  নির্বাচনে আ’লীগের পক্ষ ৩ ইউনিয়নে জয লাভ করে সাধারণ ভোটাররা সেই প্রত্যাশা করছেন। সব মিলিয়ে এ উপজেলার ৩ টি ইউনিয়নে চায়ের দোকান সহ সর্বত্র ইউপি নির্বাচনের হাওয়া পুরো দমে বইতে শুরু করেছে।

৩টি  স্বর্নেরবার সহ বাংলাদেশি এক ট্রাক ড্রাইভারকে আটক করেছে বিএসএফ

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায়  ৩টি  স্বর্নের বার সহ রফিকুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি ট্রাক ড্রাইভারকে আটক করেছে বিএসএফ। আটক রফিকুল ইসলাম সীমান্তবর্তী সাদিপুর গ্রামের আফিল উদ্দিনের ছেলে।

রবিবার দুপুর ১ টার দিকে বেনাপোল বন্দর দিয়ে পন্যবাহি ট্রাক নিয়ে পেট্রাপোল বন্দরে প্রবেশের সময় তার দেহ তল্লাশি করে ৩টি স্বর্নের বার সহ তাকে আটক করে বিএসএফ।

৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আশরাফ আলী জানান, বিএসএফ ‘রফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি ট্রাক ড্রাইভারকে ৩টি স্বর্নের বার সহ আটক করেছে বলে বিএসএফ সদস্যরা জানান।

আটক বাংলাদেশি ট্রাক ড্রাইভার রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে স্বর্নসহ ভারতের বনগাঁও  থানায় সেপার্দ করা হয়েছে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তথ্য বিবরনী

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, মানুষের জানমালের নিরাপত্তায় পুুলিশি তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। মাদক ও সামাজিক অন্যায় প্রতিরোধে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকাসক্ত ব্যক্তি পরিবারের জন্য অভিশাপ। খুলনা জেলায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে হবে। মেধাবী ও শারীরিকভাবে সক্ষম ব্যক্তিরাই পুলিশে নিয়োগ পাবে।

সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, গত আট দিনে খুলনা জেলায় করোনায় আক্রান্ত হয়ে কোন ব্যক্তির মৃত্যু হয়নি। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন। জেলায় এপর্যন্ত ১১ লাখ সাত হাজার সাতশত ৪৬ জন করোনা ভ্যাকসিনের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় দুই লাখ ৫০ হাজার জন টিকার জন্য অপেক্ষমান আছেন। জেলায় টিকার সংকট নেই এবং টিকা দেওয়ার গতি বৃদ্ধি করা হয়েছে।

সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার সভায় জানান, বাজারে মসুর ডাল, পেঁয়াজ ও ডিমের দাম নতুন করে বৃদ্ধি পেয়েছে। চাল ও ভোজ্য তেলের দাম আগে থেকেই বেশি ছিলো। সাধারণ মানুষের জন্য টিসিবি বাজারদর থেকে কম দামে পন্য বিক্রি করছে। এর সুষ্ঠু ব্যবস্থাপনায় আরো নজরদারী করা প্রয়োজন।

এসময় র‌্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়, আগামী ১২ অক্টোবর র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন খুলনা সফর করবেন। সফরকালে তিনি নগরীর তিনটি পূজাম-প পরিদর্শন করবেন।

কোস্টগার্ডের চীফ পেটি অফিসার দীপন ভৌমিক জানান, ১২টি স্টেশন আউটপুটের মাধ্যমে ইলিশ সংরক্ষণে অভিযান চলমান রয়েছে। দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন স্থানে কোস্টগার্ডের স্পিডবোটের টহল থাকবে।

জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার সভাপতির বক্তৃতায় বলেন, সময়ের সাথে অপরাধের ধরণ পরিবর্তন হচ্ছে। দেশে মাদক এবং নারী-শিশু নির্যাতন বিষয়ে মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইন্টারনেট ও মাদকের অপব্যবহার যুবসমাজকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আসন্ন দুর্গাপূজা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি পালন ও মাস্ক পরিধানের ওপর জোর দিতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার ম-ল সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এসময় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত সেপ্টেম্বর মাসে ১৭৩ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত আগস্ট মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে আটটি বেশি। খুলনা মহানগরী অধিক্ষেত্রে সেপ্টেম্বর মাসে একশত ৪৫টি মামলা দায়ের হয়েছে যা বিগত আগস্ট মাসে দায়ের হওয়া মামলা হতে ২৪টি কম। জেলার গ্রাম আদালতসমূহে সেপ্টেম্বর মাসে ৮২টি মামলা দায়ের ও ৭৫টি মামলা নিষ্পন্ন হয়েছে।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় অবহিতকরন সভা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে শিশুর পুষ্টি, স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ক রাইট টু গ্রোর এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার শোভনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য।এসময় বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আবুল হোসেন ভূঁইয়া,ইউএফ আব্দুর রহমান শাহিন, শিক্ষক রবীন্দ্রনাথ সরকার,মিলন কান্তি মল্লিক, সাংবাদিক এস রফিক,সমর কৃষ্ণ মল্লিক, ইউপি সদস্য দেবব্রত সরদার, অশোক মন্ডল, কৃষ্ণ পদ চক্রবত্তী, হাফেজ আদম আলী,সিপি গৌতম মন্ডল,পূজা বিশ্বাস প্রমূখ। সভায় সকল শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোড়েলগঞ্জে ৭২ পূজা মন্ডপ সেজেছে সাজ সাজ রবে

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭২টি মন্ডপ সেজেছে সাজ সাজ রবে ১১ অক্টোবর মহাষষ্ঠী মধ্যে দিয়ে শুরু হচ্ছে শ্রী শ্রী দূর্গাদেবীর যষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং ষষ্ঠীপূজা।

ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন পূজা উদযাপন কমিটি ও উপজেলা প্রশাসন। এ বারে এ উপজেলায় ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭২টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

রোববার বিকেলে জিউধরা ইউনিয়নের পঞ্চগ্রাম সম্মিলিত সেবাশ্রম সার্বজনীন শ্রী শ্রী দূর্গা পুজা মন্ডপগুলোর প্রস্তুতি পরিদর্শন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা।

এ সময় তার সাথে ছিলেন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ইউপি সদস্য শিমুল কান্তি মিস্ত্রী, সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস, মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাসসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূর্জা। প্রতি বছরের ন্যায় সারম্ভরেই এ বছর উদযাপন হচ্ছে। সকল প্রকার সহযোগিতা করা একজন জনপ্রতিনিধি চেয়ারম্যান হিসেবে নৈতিক দায়িত্ব বলে তিনি মনে করছেন। #

তালা ব্লাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

ইলিয়াস হোসেন, তালা (সাতক্ষীরা)

উৎসবমূখর পরিবেশে মানবিক সংগঠন- তালা ব্লাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত হয়েছে। রোববার (১০ অক্টোবর) সকালে সাতক্ষীরার তালা ব্লাড ব্যাংকের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী’র র‌্যালী অনুষ্ঠিত হয়। উপশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, তালা ব্লাড ব্যাংকের অ্যাডমিন অসিম কুমার রায়। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য সাংবদিক মীর জাকির হোসেন ও খলিলনগর ইউনিয়ন পরিষদ সদস্য প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবক শেখ নজরুল ইসলাম’র পরিচালনায় অন্যান্যের মধ্যে তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান, ব্লাড ব্যাংকের সদস্য আব্দুল্লাহ আল মামুন সৈকত, মফিজুল ইসলাম ইমন, সৌমেন মজুমদার, অমিত বিশ্বাস, সুকান্ত মোহন বাপ্পা, সাইদ স¤্রাট ও অর্ঘ্য ঘোষ প্রমুখ বক্তৃতা করেন। সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী পালনে অতিথিরা কেক কাটেন।

তালায় বাকি না দেয়ায় মুদি দোকানে হামলা, আহত ৩

ইলিয়াস হোসেন, তালা (সাতক্ষীরা)

বাকিতে মালামাল বিক্রি করতে রাজি না হওয়ায় সাতক্ষীরার তালায় শেখ আশরাফ আলীর মুদি দোকানে হামলা চালানো হয়েছে। হামলাকালে দূর্বৃত্তরা ভাংচুর সহ লুটপাট করে। এসময় বাঁধা দিতে আসায় নারী-পুরুষসহ ৩জন গুরুতর আহত হয়েছে। ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্থ দোকান মালিককে মামলা না করার জন্য দফায় দফায় হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার শুভংকরকাটী গ্রামের মৃত শেখ তয়েজ উদ্দীন’র ছেলে শেখ আশরাফ আলী জানান, গ্রামের ভিতর বাড়ির পাশে তার মুদি দোকান রয়েছে। এই দোকান থেকে একই গ্রামের মৃত শেখ বাবর আলীর ছেলে শেখ মারুফ হোসেন দীর্ঘদিন ধরে বাকিতে মালামাল ক্রয় করে আসছে। কিন্তু তার কাছে পাওনা টাকা চাইলে সে নানান তালবাহানা করে। গত ৬ অক্টোবর সন্ধ্যায় মারুফ দোকানে এসে আবারও বাকিতে মাল কিনতে চায়। কিন্তু তাতে রাজি না হলে সে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি দিলে তার সাথে বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষন পর মারুফের নেতৃত্বে একই এলাকার সোহরাব মীর, শুকুর আলী মীর ও রাহেল মীর পরিকল্পিত ভাবে দোকানে এসে আকস্মিক হামলা সহ দোকান ভাংচুর করতে থাকে। হামলায় দোকান মালিক শেখ আশরাফ আলী গুরুতর আহত হয়। এসময় সংবাদ পেয়ে আশরাফের ভাই শেখ ইমদাদুল ও বোন হাসিনা বেগম এগিয়ে আসলে দূর্বৃত্তরা তাদেরকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় ইমদাদুল ও হাসিনা বেগমকে ওই রাতে তালা হাসপাতালে ভর্তি করা হয়।

আশরাফ আলী আরও জানান, হামলাকারীরা দোকান ও আসবাবপত্র ভাংচুর, মালপাতি তছনছ করা সহ লুটপাট করে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। এরপরও তারা মামলা না করার জন্য নানান হুমকি দিয়ে আসছে। এঘটনায় রোববার (১০ অক্টোবর) ভুক্তভোগী আশরাফ আলী বাদী হয়ে তালা থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনাডাঙ্গা থানা তাঁতী দলের কর্মী সম্মেলন আজ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সোনাডাঙ্গা থানার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। সোমবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর কেডিএ এভিনিউ তেঁতুল তলা মোড়স্থ সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মহানগর তাঁতী দলের আহবায়ক মুহাম্মদ আবু সাঈদ শেখের  সভাপতিত্বে এবং সদস্য সচিব ম শ আলম এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি থাকবেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। প্রধান বক্তা থাকবেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি থাকবেন সোনাডাঙ্গা থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন খোকন ও  সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ। উক্ত সম্মেলনে দলের সকল নেতা-কর্মিবৃন্দদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

দাকোপে হরিণের মাংসসহ ৩ যুবক আটক

মোঃ শামীম হোসেন- বাজুয়া

খুলনার দাকোপের বাজুয়াতে  ৩ কেজি হরিণের মাংসসহ পুলিশের হাতে ৩ যুবক আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার হরিণটানা গ্রামে। থানা পুলিশ সুত্রে জানা যায়,  উপজেলার ৪নং কৈলাশগঞ্জ ইউনিয়নের হরিণটানা গ্রামের স্থানীয় বাসিন্দা গোবিন্দ মন্ডলের বাড়িতে কতিপয় কয়েকজন যুবক গহীন সুন্দরবনের হরিণ শিকার করে মাংস বিক্রি করছেন। এমন  গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে থানা পুলিশের এস আই সাফুর আহম্মেদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স তাৎক্ষনিক গত ৯ অক্টোবর শনিবার রাত আনুঃ সাড়ে ১০ টায় হরিণ টানা গ্রামে গোবিন্দ মন্ডলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় থানা পুলিশ ঘটনা স্থলে তল্লাশী চালিয়ে হরিণের ৩ কেজি মাংস উদ্ধারসহ মাংসের সাথে সংশ্লিষ্ট ওই গ্রামের গোবিন্দ মন্ডলের ছেলে উৎপল মন্ডল (২৫), বনমালি মন্ডলের ছেলে চিরঞ্জিত মন্ডল (২২) ও প্রভাস মন্ডলর ছেলে সৌরভ মন্ডল(২১) কে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বন আইনে মামলা রুজু করে ১০ অক্টোবর রবিবার খুলনার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। যাহার মামলা নং-৫।

দাকোপে নির্বাচিত নারী প্রতিনিধিদের দ্বায়িত্ব কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

দাকোপের ৯টি ইউনিয়ন থেকে নির্বাচিত নারী প্রতিনিধিদের অংশগ্রহনে নারী প্রতিনিধিদের দ্বায়িত্ব কর্তব্য বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ডের অর্থায়নে, হেলভেটাসের সহযোগীতায় এবং রূপান্তরের অপরাজিতা প্রকল্পের আয়োজনে ১০ অক্টোবর রবিবার সকাল ১০টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের নিয়ে রূপান্তরের জেন্ডার ট্রেনিং অফিসার মোর্শেদা খাতুন দিলারা এ সময় প্রশিক্ষণ দেন। প্রশিক্ষনে উপস্থিত ছিলেন সংরক্ষিত ইউপি সদস্য মনিষা গাইন, লিপি মন্ডল, পাপিয়া মিস্ত্রী, কনিকা পোদ্দার, রেবা  মন্ডল প্রমুখ। প্রশিক্ষণটি পরিচালনায় সার্বিক সহায়তা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কুমারেশ মন্ডল।

মাদক মামলায় চিকিৎসকের ১৫ বছর কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মাদক মামলায় আসাদুজ্জামান ফিরোজ নামে এক চিকিৎসককে ১৫ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় জয়নাল আবেদীন জয় ও নাহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় আসাদুজ্জামান ফিরোজ আদালতে উপস্থিত ছিলেন। তিনি ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের কারিগরপাড়ার আব্দুল রাজ্জাকের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর উপজেলার নাজারুল মালিথার স’ মিলের ভেতর মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে কুষ্টিয়া সরকারি টিবি হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ফিরোজ, জয়নাল আবেদীন জয় ও নাহারুল ইসলামকে আটক করে পুলিশ।

এ সময় তাদের শরীর ও ঘর তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরপুর থানায় মাদক আইনে মামলা করা হয়। রায় ঘোষণা শেষে আসাদুজ্জামান ফিরোজকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

৩৫ বছরে অনুপস্থিত ছিলেন না একদিনও, সেই সত্যজিৎ স্যার অবসরে

যশোর প্রতিনিধি ।।

১৯৮৬ সালে সহকারী শিক্ষক হিসেবে শুরু করেছিলেন কর্মজীবন। এরপর শিক্ষকতা করেছেন একটানা ৩৫ বছর। তবে সাড়ে তিন দশকের শিক্ষকতা জীবনে একদিনের জন্যও ছুটি নেননি! যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের সেই শিক্ষক সত্যজিৎ বিশ্বাস অবশেষে ছুটি পেলেন, তার কর্মজীবনই যে শেষ হয়েছে অবসর নিয়ে।

শনিবার (৯ অক্টোবর) সত্যজিৎ বিশ্বাসের শেষ কর্মদিবস ছিল তার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে। আজ রোববার (১০ অক্টোবর) বিদায় সংবর্ধনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানিয়েছে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষকতার জন্য তাই আর কোনোদিন বিদ্যালয় প্রাঙ্গণে দেখা যাবে না স্থানীয় কিংবদন্তীতে পরিণত হওয়া এই শিক্ষককে।

সত্যজিৎ বিশ্বাসের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামে। ১৯৮৪ সালে বিএসসি পাস করার পর সত্যজিৎ বিশ্বাস ১৯৮৬ সালের ১ সেপ্টেম্বর সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ে। পড়াতেন নবম ও দশম শ্রেণির গণিত, সাধারণ বিজ্ঞান ও পদার্থবিজ্ঞান।

কর্মক্ষেত্রে যোগদানের সময়ই বিশ্বজিৎ বিশ্বাস প্রতিজ্ঞা করেছিলেন, একদিনও কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকবেন না। সেই অঙ্গীকার রক্ষা করেছেন তিনি। ঝড়-বৃষ্টি-বিয়ে-স্বজনের মৃত্যু— কোনো কিছুই তাকে আটকাতে পারেনি স্কুলে উপস্থিতির ক্ষেত্রে। ৩৫ বছরে স্কুলে অনুপস্থিত থাকেননি এক দিনের জন্যও।

১৯৯০ সালের এক শুক্রবার রাতে নড়াইলের পঁচিশা গ্রামের আরতী বিশ্বাসকে বিয়ে করেন এলাকাবাসী প্রিয় সত্যজিৎ স্যার। বিয়ের অর্ধেক কাজ সেরে নববধূকে রেখে শনিবার সকালে সোজা চলে যান স্কুলে। ২০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেন সাইকেল চালিয়ে। বিকেলে ছুটির পর শ্বশুরবাড়িতে গিয়ে শেষ করেন বিয়ের বাকি কাজ।

১৯৯৩ সালে এক সোমবার সকালে বার্ধক্যজনিত কারণে মারা যান বিশ্বজিৎ বিশ্বাসের বাবা মাধব চন্দ্র বিশ্বাস। গ্রামের লোকজনকে ডেকে নিজের প্রতিজ্ঞার কথা জানিয়ে মৃত বাবাকে রেখে চলে যান ক্লাসে। স্কুল শেষে বিকেলে ফিরে এসে বাবার সৎকার করেন রাতে।

৬০ বছর বয়সী সত্যজিৎ বিশ্বাস বলেন, শিক্ষক হিসেবে যোগ দেওয়ার সময় প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে কোনোদিন স্কুল ফাঁকি দেবো না। বিধাতা আমাকে এই কাজে সাহায্য করেছেন। প্রতিদিন হাজির হয়েছি স্কুলে। শুধু দুই দিন স্কুলে পৌঁছানোর পর কিছুটা অসুস্থ বোধ করি। একদিন ক্লাস শুরুর আগে সমাবেশ চলাবস্থায় মাথা ঘুরে পড়ে যাই মাঠে। পরে অফিসে নিয়ে মাথায় পানি দিলে আমি সুস্থ হই।

গুণী এই শিক্ষক বলেন, ছোটবেলা থেকেই আমি এমন। গ্রামের দিগঙ্গা কুচলিয়া হরিদাসকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম। স্কুলজীবনে অষ্টম ও নবম শ্রেণিতে কোনোদিন অনুপস্থিত থাকিনি। অসুস্থতার জন্য শুধু দশম শ্রেণিতে দুই দিন অনুপস্থিত ছিলাম।

বিয়ের পর স্ত্রী আরতী বিশ্বাস প্রথম দিকে একটু রাগ করতেন। পরে সেরা শিক্ষক হিসেবে বিভিন্ন পুরস্কার পেলে সত্যজিৎ স্যারের ত্যাগকে শ্রদ্ধা করে আসছেন তিনি।

অবসরজীবন কীভাবে কাটাবেন— এমন প্রশ্ন শুনে সত্যজিৎ বিশ্বাসের চেহারা বিষণ্ণ হয়। বলেন, তখন বাড়ি বসে কর্মজীবনের কথা ভাবা ছাড়া গতি নেই। আমার গ্রামের মানুষও আমাকে ঠিকভাবে চেনেন না। মনিরামপুর উপজেলায় বাড়ি হলেও আমার সব পরিচিতি স্কুলকে ঘিরে।

সত্যজিৎ বিশ্বাসের বিদায়ে বিষণ্নতা ছুঁয়ে যাচ্ছে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদেরও। ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুন বলেন, স্যার অন্যরকম মানুষ। আমাদের গণিত পড়ান। কোনো কিছু না বুঝলে বার বার বুঝিয়ে দেন। স্যার আমাদের ছেড়ে চলে যাবেন, এটা ভাবতে খুবই কষ্ট হচ্ছে।

ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ১৯৯০ সালে প্রধান শিক্ষক হিসেবে আমি এখানে যোগ দিয়েছি। সেই থেকে সত্যজিৎ বিশ্বাস আমার সহকর্মী। কোনোদিন দেখিনি ঝড়-বৃষ্টি বা অসুস্থতার কথা বলে তাকে ছুটি নিতে। কোনো বছর ঐচ্ছিক ছুটিও কাটাননি তিনি। আজ সত্যজিৎ বিশ্বাসকে আমাদের বিদায় দিতে হয়েছে। তাকে ছাড়তে হচ্ছে— এটা ভেবে খারাপ লাগছে। তারপরও তাকে সম্মানের সঙ্গে আমরা বিদায় জানাই। প্রার্থনা করি, তার মঙ্গল হোক।

সত্যজিৎ স্যারের স্ত্রী গৃহিণী। ছেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে চাকরির অপেক্ষায় আছেন। মেয়ে পশুপালনের ওপর স্নাতকোত্তর পড়ছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে।

আমন খেতে যুবকের গলিত লাশ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে আমন ধানের খেত থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ অক্টোবর) দুপুরে থানা পুলিশ উপজেলার চালকিডাঙা সিটিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পূর্বপাশের জনৈক গোলাম হোসেন গাজীর খেত থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

এর আগে আজ বেলা ১০টার দিকে ধান খেতে লাশটি দেখতে পান খেতের মালিক।

লাশের গলায় গামছা পেঁচানো। বাম পায়ের হাঁটুর একটু উপর থেকে নিচ পর্যন্ত নেই। পরনে নীল রঙের জিন্সের প্যান্ট রয়েছে।

লাশের নাম পরিচয় জানা যায়নি। মুখ পচে গলে যাওয়ায় যুবককে চিনতে পারছেন না কেউ।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, ৫-৭ দিন আগে ওই যুবককে কেউ শ্বাসরোধে হত্যা করে লাশ ধান খেতে ফেলে গেছেন।

ধান খেতের মালিক গোলাম হোসেন বলেন, রোববার বেলা ১০ টার দিকে ধান খেতের পাশের আরেকটি খেতে সবজি (ঢেঁড়স) তুলতে আসি। হঠাৎ ধান খেতে চোখ যায়। কিছু ধান নিচু করা দেখে এগিয়ে যাই। দেখি মানুষের লাশ পড়ে আছে। তখন ভয়ে চিৎকার দিলে মাঠে থাকা অন্য কৃষকরা এগিয়ে আসেন।

মনিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ওয়াহেদুজ্জামান বলেন, লাশ পচে গলে যাওয়ায় চেনা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, ঘটনাটি ৫-৬ দিন আগের।

তিনি বলেন, নিহত যুবকের পরিচয় উপস্থিত জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো কেউ লাশের পরিচয় নিয়ে আসেননি।

গর্ভধারণের চিকিৎসার কথা বলে গৃহবধূকে চিকিৎসকের ধর্ষণ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

মনিরামপুরে এক গৃহবধূ (২০) সন্তান না হওয়ায় চিকিৎসা দেওয়ার কথা বলে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পল্লিচিকিৎসকের বিরুদ্ধে। এঘটনায় গৃহবধূর ভাই বাদী হয়ে শনিবার (৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে মনিরামপুর থানায় দুইজনকে অভিযুক্ত করে মামলা করেছেন।

পুলিশ আসামীদের গ্রেপ্তার করে রোববার (১০ অক্টোবর) দুপুরে আদালতে হাজির করেছেন।

আসামীরা হলেন, উপজেলার কোদলাপাড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে পল্লিচিকিৎসক বিল্লাল হোসেন (৫০) ও তার সহযোগী বাগডোব গ্রামের হযরত আলীর ছেলে ইজিবাইক চালক দ্বীন মোহাম্মদ দিলু (৪০)।

স্থানীয় রোহিতা বাজারে ফার্মেসি রয়েছে বিল্লালের। সেখানে তিনি ওষুধ বিক্রির পাশাপাশি রোগী দেখেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক বলেন, ৭-৮ মাস আগে যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় বিয়ে হয় ওই তরুণীর। এক সপ্তাহ আগে গত সোমবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলেরহাট থেকে দ্বীন মোহাম্মদ দিলুর ইজিবাইকে ওই তরুণীকে তুলে দেন তার স্বামী। ইজিবাইকে চড়ে কোদলাপাড়া এলাকায় পিতার বাড়িতে আসছিলেন তিনি। একপর্যায়ে দিলু জানতে পারেন ওই তরুণীর সন্তান হয়না। তখন ভাল চিকিৎসার কথা বলে রোহিতা বাজারে বিল্লালের কাছে তাকে (গৃহবধূকে) আনেন দিলু। এরপর কৌশলে বিল্লাল ওই নারীকে বাজারের পাশে নিজের বাড়িতে নিয়ে যান। বাড়িতে স্ত্রী সন্তান না থাকায় সেখানে ঘরে দুই-তিন ঘন্টা আটকে রেখে ওই নারীকে জোর করে ধর্ষণ করেন চিকিৎসক বিল্লাল। আলামত নষ্ট করতে তখন বাথরুমে নিয়ে জোরপূর্বক ওই নারীকে গোসল করতে বাধ্য করেন তিনি।

জিয়াউল হক বলেন, ওইসময় ইজিবাইক চালক বাড়ির বাইরে অবস্থান করছিলেন। ওই নারী বাঁচার জন্য চিৎকার করেও নিজেকে রক্ষা করতে পারেননি বলে আমাদেরকে জানিয়েছেন।

পুলিশ বলেন, এক সপ্তাহ আগের ঘটনা হলেও লজ্জায় ও সংসার ভাঙার ভয়ে বিষয়টি কাউকে বলতে পারেননি ওই নারী। ইজিবাইক চালক দিলুকে বিল্লাল একাজে চাহিদামত টাকা না দেয়ায় তিনি (চালক) ঘটনাটি ফাঁস করে দেন। পরে চাপাচাপির এক পর্যায়ে গতকাল শনিবার ওই তরুণী তার ভাইয়ের কাছে ঘটনা স্বীকার করেন।

এদিকে ধর্ষণের ঘটনা জানাজানি হলে শনিবার রাতে বিষয়টি চাপা দিতে দু’পক্ষকে নিয়ে রোহিতা বাজারে একটি ভবনের ছাদে সালিশ বসে। খেদাপাড়া ফাঁড়ি পুলিশকে বিষয়টি জানিয়ে সালিশ বসান কোদলাপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের ক্ষমতাধর কয়েকজন। সালিশে পক্ষ বিপক্ষ হওয়ায় একপর্যায়ে বিষয়টি আরো জানাজানি হলে তাদের উদ্দেশ পণ্ড হয়ে যায়। এরপর রাতেই ওই নারীকে নিয়ে থানায় আসেন স্বজনরা। একইসময়ে অভিযুক্ত দু’জনকে মারপিট করে খেদাপাড়া ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। রাতেই পুলিশ তাদের মনিরামপুর হাসপাতালে ভর্তি করেন।

জানতে চাইলে রোহিতা ইউনিয়নের কোদলাপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, বিষয়টি নিরসনের স্বার্থে দু’পক্ষকে নিয়ে বসেছিলাম।

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম রসুল বলেন, রোহিতা বাজারে লোকসমাগমের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শনিবার সন্ধ্যারপর ঘটনাস্থলে গিয়েছিলাম। তখন ওই নারীর কাছে ঘটনা শুনেছি। পরে থানায় ওসি মহোদয়কে ঘটনা জানিয়ে ভিকটিমকে থানায় পাঠাই।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি ধর্ষণ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। ভিকটিমের জবানবন্দী রেকর্ড ও ডাক্তারী পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।