সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরা বিজিবি’র উদ্ধার করা বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণি সুন্দরবনে অবমুক্ত করার পর একটি প্রাণিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
বুধবার (২৫ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সিপিপির স্বেচ্ছাসেবক নুর আলম বলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামের কালিপদ বর্মণের ছেলে রবীন্দ্রনাথ বর্মণ ও শত্রুঘ্নে ছেলে ঝন্টু বর্মণের পুকুরে ভোঁদড় গেলে জাল দিয়ে ধরে পিটিয়ে হত্যা করা হয়।
স্থানীয়রা বার বার মারতে নিষেধ করলেও কারও কথা না শুনে প্রকাশ্য বন্যপ্রাণিটি তারা পিটিয়ে হত্যা করে। আমরা ভোঁদড়টি ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেও কাজ হয়নি। আমাদের সামনেই পিটিয়ে মেরে ফেলা হয়েছে।
এদিকে ভোঁদড় পিটিয়ে মেরে ফেলায় স্থানীয়রা হত্যাকারীদের শাস্তির দাবি করেছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সুন্দরবনে এসিএফ কর্মকর্তা এমএ হাসান বলেন, আমরা তথ্য সংগ্রহ করছি। একটি ভিডিও পেয়েছি। যারা এ কাজটি করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোর্শেদ জানান, ঘটনাাটি আমি শুনেছি। বনবিভাগ যদি কোনো আইনি সহযোগিতা চান, তাহলে আমরা দিতে প্রস্তুত।
উল্লেখ্য, গত চারদিন আগে ৩৩ বিজিবি সাতক্ষীরার উদ্ধারকৃত বন্যপ্রাণি সুন্দরবনে অবমুক্ত করে। রবিবার (২২ আগস্ট) দুপুর ২টায় সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়ন থেকে বন্যপ্রাণি বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তাদের কাছে সুন্দরবনে অবমুক্ত করার জন্য হস্তান্তর করে। প্রাণিগুলোর মধ্যে ছিল, দুটি ভোঁদড়, ছয়টি খরগোস ও একটি ঈগল পাখি।











































