বিশুদ্ধ পানি তীব্র সংকটের কারণে শরণখোলায় সর্বত্র ডায়রিয়ার প্রকোপ শুরু হয়েছে। গত ১০ দিনে ৬২ জন আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত উপজেরার চারটি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৬২ জন। শনিবার দুপুর ১২টা পর্যন্ত ভর্তি আছে ১২ জন রোগী। উপজেলা সদর রায়েন্দা বাজার এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে দেখা যায় স্থান সংকুলন না হওয়ায় রোগীদের মেঝেতে বিছানা দিতে হয়েছে। এসময় আক্রান্ত রোগীসহ তাদের স্বজন ও চিকিৎসকরা জানান, বিশুদ্ধ পানি সংকটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির চেয়ে আক্রান্তের সংখ্যা অনেক বেশী। অনেকে বাড়িতে থেকে পল্লী চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াছমিন জানান, শরণখোলা এমনিতেই লবনাক্ত এলাকা। এর মধ্যে চৈত্র-বৈশাখ মাসে পুকুরগুলোর পানি তলানিতে নেমে যায়। যে কারণে বাধ্য হয়ে মানুষ ওই দুষিত পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত খাবার স্যালাইন ও আইভি স্যালাইন মজুত থাকায় রোগী সামলাতে কোন সমস্যা হবে না।
স্বাস্থ্য কমপ্লেক্সের নাসিং সুপারভাইজার রেবা রাণী দেবনাথ জানান, ভর্তি রোগীদের মধ্যে অধিকাংশই উপজেলা সদরের রায়েন্দা বাজার, কদমতলা, ঝিলবুনিয়া ও পূর্ব খাদা এলাকার। এসব এলাকায় বর্তমানে তীব্র বিশুদ্ধ পানির সংকট চলছে।
রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন জানান, পানি সংকট সমাধানে কিছু পুকুর খনন ও পন্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ) স্থাপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। তবে উপকূলীয় এই এলাকার বিশুদ্ধ পানির সমাধানের জন্য টেকসই উদ্যোগ গ্রহনের জন্য সরকারের কাছে দাবী জানান তিনি।
জালাল আহম্মেদ রুমী জানান, দীর্ঘদিন ধরে এলাকায় বিশুদ্ধ পানির সংকট চলে আসছে। সরকারিভাবে বৃষ্টির পানি সংরক্ষনের টেংকিও চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় মুখ চিনে দেয়া হয়েছে। তাই নি¤œ আয়ের মানুষ পুকুরের দুষিত পানি খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, বিশুদ্ধ পানির সংকট সমাধানে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ডায়রিয়ায় আক্রান্তদের চিকিৎসা ও প্রকোপ বৃদ্ধি পেতে না পারে সে ব্যপারে পদক্ষেপ নিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলবেন বলে তিনি জানান।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি











































