মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে ওয়াজ-মাহফিল শেষে প্রধান বক্তা মাও: আব্দুল্লাহ আল-মামুন যশোরীকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১২ টার দিকে ঝিকরগাছা থানা ও রাজগঞ্জ ক্যাম্প পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার হানুয়ার মাঝের পাড়া জামে মসজিদ থেকে তাকে আটক করে। ওই মসজিদ প্রাঙ্গণে স্থানীয়দের আয়োজিত ওয়াজ-মাহফিলে প্রধান বক্তা ছিলেন তিনি। তবে ওয়াজের কারণে নয়, নাশকতা ও নারী নির্যাতন মামলার গ্রেফতারি পরোয়ানামূলে পুলিশ তাকে আটক করেছে বলে জানা গেছে। আব্দুল্লাহ আল-মামুন ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর জামে মসজিদের খতিব ও কাগমারী দাখিল মাদরাসার শিক্ষক। স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ১২ টার দিকে মাহফিল শেষে মসজিদের ভিতরে পোশাক পাল্টাচ্ছিলেন প্রধান বক্তা। ওই সময় একদল পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান, ঝিকরগাছা থানার দুইটি নাশকতা ও একটি নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল্লাহ আল-মামুন। সেই কারণে আমাদের সহযোগিতায় ঝিকরগাছা পুলিশ তাকে গ্রেফতার করেছে।









































