Home আঞ্চলিক ব্লাড ক্যান্সার কেড়ে নিলো এসএসসি পরীক্ষার্থীর জীবন

ব্লাড ক্যান্সার কেড়ে নিলো এসএসসি পরীক্ষার্থীর জীবন

9

  • আনোয়ার হোসেন, মণিরামপুর::

যশোরের মণিরামপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাবিবুল্লাহ হাবিব (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে৷ হাবিব উপজেলার দীঘিরপাড় গ্রামের মাহাবুর রহমান মোড়লের ছেলে। সে স্থানীয় জোঁকা দীঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। রাজগঞ্জ কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব নওশের আলম ওই ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাবিব আমার কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল।  গত রোববার ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন সে  অসুস্থ হয়ে পড়ে ৷ অসুস্থ হলেও ওই দিনের পরীক্ষা শেষ করে সে। পরের গণিত ও তথ্য-প্রযুক্তি পরীক্ষায় সে অনুপস্থিত ছিল। খোঁজ নিয়ে জানতে পারলাম ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে ঢাকায় তার মৃত্যু হয়েছে। ওই ছাত্রের বাবা মাহাবুর রহমান বলেন, আগে কখনও টের পাইনি ছেলে এতবড় কঠিন রোগে ভুগছে। রোববারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর কিংস হসপিটালে নিই। ডাক্তাররা খুলনা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেয় ৷ সেখানে চিকিৎসার পর ছেলের অবস্থার আরও অবনতি হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি ৷ সেখানে মঙ্গলবার রাত দুইটার দিকে ছেলের মৃত্যু হয়। হাবিবুল্লাহ হাবিবের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছেন না। তার অকালে চলে যাওয়ায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।