ঢাকা অফিস।।
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানাধীন শৈলান এলাকার অবস্থিত কারখানায় ঘটনাটি ঘটে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে বিভিন্ন স্টেশন থেকে আরো ছয়টি ইউনিট যোগ দেয়। বর্তমানে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি জানান, কারখানার ভেতরে প্রচুর পরিমাণে খালি কার্টন থাকায় আগুনের তীব্রতা বেড়েছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।









































