Home আঞ্চলিক দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

0


তালা (সাতক্ষীরা) প্রতিনিধি।।

সাতক্ষীরার তালায় দুর্গাপ্রতিমা বিসর্জনের আগে দেবীর কপালে সিঁদুর পরাতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন তন্নি দে (২০) নামের এক নববধূ।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বুকে ব্যথা অনুভব করার পর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মাত্র কয়েক মাস আগে বিয়ে হয়েছিল তন্নির। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তন্নি সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। তার বিয়ে হয়েছিল যশোরের কেশবপুর উপজেলার মূলগ্রামে। তার স্বামী মৃদুল দত্ত চুকনগর বাজারে কাঁসারির দোকান করেন।

স্থানীয়দের ভাষ্য, তন্নি তার ননদের সঙ্গে কুমিরা বাসস্ট্যান্ডে দুর্গাপূজা দেখতে গিয়েছিলেন। প্রতিমা বিসর্জনের আগে দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে তার মৃত্যু হয়।

তন্নির এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত স্বজনরা। নতুন সংসার শুরু করা এ তরুণীর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

তন্নির মৃত্যুতে তালা উপজেলা পূজা উদযাপন কমিটি, তালা উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্ট এবং উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা শোক ও সমবেদনা জানিয়েছেন।

তালা উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার শোক প্রকাশ করে জানিয়েছেন, দেবী দুর্গার বিদায়ের দিনে একটি পরিবারও তাদের আদরের মেয়েকে হারিয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় ভক্তদের সঙ্গে কথা বলে তারা জানতে পারে, দেবীর কপালে সিঁদুর পরানোর সময় তন্নি বুকে ব্যথা অনুভব করেন। চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হয়েছে।