কুষ্টিয়া প্রতিনিধি
পূজামণ্ডপে ঘুরে আনন্দ ভাগাভাগি করতে বের হয়েছিলেন চার নারী। এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে যাওয়ার পথে নির্জন সড়কে পড়েন ডাকাতের কবলে। সড়কে গাছের ডাল ফেলে ভ্যানের গতিরোধ করে তাঁদের শরীরে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। একই সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকেও স্মার্টফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালীতলা-বিষিনতা মাঠসংলগ্ন নির্জন সড়কে এ ঘটনা ঘটে। এতে ওই সড়কে চলাচলকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতের নির্জনতার সুযোগ নিয়ে দেশীয় অস্ত্রধারী পাঁচ থেকে ছয়জনের একটি দল সড়কের ওপর গাছের ডাল ফেলে যানবাহনের চলাচল বন্ধ করে দেয়। মুখোশ পরা দুর্বৃত্তরা এরপর যানবাহনের যাত্রীদের জিম্মি করে তাঁদের মালামাল ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের একটি ভিডিও থেকে জানা যায়, চার নারী মিরপুরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে পোড়াদহে আরেকটি পূজা দেখতে যাচ্ছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু পথের মধ্যে গাছ ফেলে তাঁদের বহনকারী ভ্যানের গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় নারীদের শরীরে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তাঁরা।
একই সড়কে চলাচলকারী একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকেও স্মার্টফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে ওই যাত্রীদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় এক যুবক কাছের একটি মোড়ে থাকা লোকজনকে ডাকাতির খবর দেন। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গেলে তাঁদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়।
ছাতিয়ান ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য উজ্জ্বল হোসেন বলেন, ‘রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশও সেখানে পৌঁছায়। তবে ততক্ষণে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।’
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ করেননি। তবে পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একটি দল কাজ করছে।











































