ঢাকা অফিস।।
শারদীয় দুর্গোৎসবের শেষপ্রহরে আজ উদযাপিত হচ্ছে মহানবমী। শরতের কাশফুল ও ঢাকের বাদ্যে শুরু হওয়া আনন্দের মাঝে আজ বাজছে দেবীর বিদায়বেলার করুণ সুর। সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহানবমী কেবল দেবীর আরাধনা নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার এবং মানুষের ভেতরের শুভবোধ জাগিয়ে তোলার এক মহা উপলক্ষ।
পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, দেবীর মহিষাসুর বধ অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। এই দিনটিতে পূজামণ্ডপগুলোতে বিহিত পূজা, পুষ্পাঞ্জলি ও হোম-যজ্ঞের মাধ্যমে ভক্তরা দেশ ও সমাজের মঙ্গল কামনায় প্রার্থনা জানান। একই সঙ্গে নারীশক্তির মর্যাদা প্রদান, বৈষম্য দূরীকরণ এবং সমাজের ভেতরের হিংসা ও দুর্নীতিকে পরাস্ত করার অঙ্গীকার করা হয়।
আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের এই সর্ববৃহৎ উৎসব। মনের ভেতরের অহংকার ও সাম্প্রদায়িকতা বিসর্জন দিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলাই মহানবমীর মূল বার্তা।










































