স্টাফ রিপোর্টার।।
খুলনার তেরখাদায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে খুলনার তেরখাদা উপজেলার মধুপুর শ্যামনগরের পুরাতন প্রাথমিক বিদ্যালয়ে এই দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার নারী হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের মিকাঈল শেখের ছেলে সামিউল শেখ (২৮), একই গ্রামের মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) ও আশরাফ শরীফের ছেলে শাহাজাহান শরীফ (৩৮)।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ওই নারী নদী পার হয়ে দিঘলিয়া যাওয়ার জন্য তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের বেলেঘাটে অপেক্ষা করছিলেন। এ সময় জেলেরা তাঁকে নদী পার করে দেওয়ার কথা বললে তিনি নৌকায় ওঠেন। জেলেরা নৌকা দিঘলিয়ার দিকে না নিয়ে উপজেলার মধুপুর শ্যামনগর পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।










































