Home খেলাধুলা গোল-অ্যাসিস্টে বেলিংহামের রেকর্ড ভাঙলেন দিওমান্দে

গোল-অ্যাসিস্টে বেলিংহামের রেকর্ড ভাঙলেন দিওমান্দে

1

স্পোর্টস ডেস্ক।।

রিয়াল মাদ্রিদের জার্সিতে স্মরণীয় এক রাত কাটালেন ইয়ান দিওমান্দে। সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয়ে এক গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন আইভরি কোস্টের এই তরুণ উইঙ্গার। তাতেই জুড বেলিংহামকে পেছনে ফেলে লা লিগায় রিয়ালের হয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

মাত্র ১৯ বছর ৩৩৮ দিন বয়সে একই লা লিগা ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা এই শতাব্দীতে রিয়াল মাদ্রিদের সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হয়েছেন দিওমান্দে। এর আগে রেকর্ডটি ছিল বেলিংহামের দখলে। ২০ বছর ৫১ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের এই তারকা।

সেভিয়ার বিপক্ষে ম্যাচে দিওমান্দের সহায়তায় রিয়ালকে এগিয়ে দেন আরদা গুলার। পরে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকেরা। ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন দিওমান্দেও। ব্যক্তিগত নৈপুণ্যে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোল করে দলের বড় জয় নিশ্চিত করতে ভূমিকা রাখেন তিনি।

এমন কীর্তির পরও তরুণ উইঙ্গারকে নিয়ে প্রত্যাশার লাগাম টানতে চান কোচ হোসে মরিনহো। তার মতে, দিওমান্দের প্রতিভা থাকলেও উন্নতির অনেক জায়গা রয়েছে। মরিনহো বলেন, ‘তার উন্নতির অনেক সুযোগ আছে। সে তরুণ, কিছুটা অপরিণত, এখনো নিজেকে গড়ে তুলছে। ২৫ নম্বর জার্সি পরে খেলার বদলে সে যেন ১২৫ বা ১৩০ মিলিয়ন ইউরোর মূল্য নিয়েই মাঠে খেলছে।’

দিওমান্দের সম্ভাবনা নিয়ে আশাবাদী রিয়াল কোচ। এ প্রসঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের উদাহরণ টেনে মরিনিও বলেন, রিয়ালে যোগ দেওয়ার সময় ভিনিসিয়ুসও ছিলেন তরুণ ও সম্ভাবনাময়। দুই-তিন বছরের মধ্যে তিনি বিশ্বমানের খেলোয়াড় হয়ে ওঠেন।