স্পোর্টস ডেস্ক।।
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে কোচ হোর্হে জেসুসের বিরোধ মিটে যাবে, জাতীয় দলেও ফিরবেন পর্তুগিজ অধিনায়ক, এমনটাই আশা করছেন পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা। তবে রোনালদোর শাস্তির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ফেডারেশন।
৪১ বছর বয়সী রোনালদো সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে জেসুসের সঙ্গে বিরোধের জেরে পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে চলে যান। এ ঘটনায় তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে ফেডারেশন।
তবে তার চূড়ান্ত শাস্তি কী হবে, তা এখনও জানানো হয়নি। রোনালদোর জন্মস্থান মাদেইরা দ্বীপের ফুনশাল শহরের সিটি হলে ফেডারেশনের এক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রোয়েনসা।
সেখানে পর্তুগিজ ফুটবলের সেরা তারকাকে নিয়ে তিনি বলেন, ‘আমরা এমন একজনের শহরে আছি, যিনি পর্তুগিজ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় সম্পদ, রোনালদো, আমাদের অধিনায়ক।’
ইএসপিএনের বরাতে প্রোয়েনসা আরও বলেন, ‘আমাদের অধিনায়ক রোনালদো দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ’
রোনালদো ও জেসুসের বিরোধ মিটে যাওয়ার ব্যাপারে আশাবাদী ফেডারেশন সভাপতি। গত মৌসুমে সৌদি ক্লাব আল নাসরে জেসুসের অধীনেই খেলেছেন রোনালদো। তার কোচিংয়ে সৌদি রোশান লিগের শিরোপাও জিতেছিল দলটি।
ক্যাম্প ছাড়ার পর এক বিবৃতিতে রোনালদো অভিযোগ করেছিলেন, জেসুস তার কাছে করা ‘প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন’। একই সঙ্গে ফেডারেশনের যেকোনো শাস্তি মেনে নেওয়ার কথা জানান তিনি। তবে দেশের হয়ে খেলার ইচ্ছা এখনও অটুট বলেও স্পষ্ট করেন পর্তুগিজ অধিনায়ক।
চলতি নভেম্বরে উয়েফা নেশনস লিগে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। তার আগে রোনালদোর শাস্তি ও জাতীয় দলে ফেরা নিয়ে ফেডারেশনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা।











































