স্টাফ রিপোর্টার।।
দায়িত্ব গ্রহণের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পাঞ্চল ও সুন্দরবন অববাহিকায় প্রথম বারের মতো সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) তিনি একদিনের সফরে খুলনা ও বাগেরহাট জেলা সফর করবেন। এই সফরকে কেন্দ্র করে সুন্দরবন, দাকোপ উপজেলা ও মোংলা বন্দর এলাকাকে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, ২২ অক্টোবর সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করে সকাল ১০টায় তিনি হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা আকাশপথে পর্যবেক্ষণ করবেন।
সফরের বিস্তারিত সূচি: সকাল ১০:৩০ মিনিটে সুন্দরবন পর্যবেক্ষণ শেষে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ এবং লঞ্চঘাটের উদ্দেশ্যে যাত্রা। সকাল ১০:৪৫ মিনিটে লঞ্চঘাট থেকে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশ্যে রওয়ানা। দুপুর ১২:৪ মিনিটে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশ্যে গমন। দুপুর ১:০০ টায় মধ্যাহ্নবিরতি (এ সময় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসক উপস্থিত থাকবেন)। দুপুর ১:৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত বিশেষ সভায় যোগদান। দুপুর ২:৪৫ মিনিটে মোংলা বন্দরের জেটি পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা এবং বিকেল ৩টায় জেটি পরিদর্শন। বিকাল ৩:১৫ মিনিটে প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা এবং সাড়ে ৩টায় তা পরিদর্শন। বিকাল ৪:০০ মিনিটে মোংলা হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওয়ানা এবং বিকেল ৫টায় ঢাকায় প্রত্যাবর্তন।
প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা: প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে খুলনার দাকোপের নলিয়ান এলাকা ইতোমধ্যে পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান। নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৈরি করা হয়েছে বিশেষ হেলিপ্যাড।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত জানান, প্রধানমন্ত্রীর সফর সম্পূর্ণ নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সমন্বয়মূলক পদক্ষেপ ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিটু জানান, স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও যাতায়াত সমন্বয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে, তবে স্থানীয়ভাবে কোনো পৃথক রাজনৈতিক বা প্রশাসনিক কর্মসূচি থাকছে না।
খুলনা জেলা পুলিশ সুপার ড. ওমর ফারুক সরকার জানান, দাকোপের নলিয়ানসহ সংশ্লিষ্ট পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সব ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ ও সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন ও সুন্দরবন পর্যবেক্ষণ এলাকা ঘিরে বন বিভাগের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা ও তদারকি জোরদার করা হয়েছে।











































