Home আন্তর্জাতিক অস্ট্রেলিয়ায় মহিলা এমপিকে গাড়িচাপা, অবস্থা সংকটাপন্ন

অস্ট্রেলিয়ায় মহিলা এমপিকে গাড়িচাপা, অবস্থা সংকটাপন্ন

1


অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ওয়াঙ্গারাট্টা শহরে নিজের নির্বাচনী কার্যালয়ের সামনে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন দেশটির স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইন্স। তাকে হেলিকপ্টারে করে মেলবোর্নের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ইচ্ছাকৃত হামলা কি না, তা তদন্ত করে দেখছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো।

সোমবার রাতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনাটি তদন্ত করছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি), নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এএসআইও এবং যৌথ সন্ত্রাসবিরোধী টাস্কফোর্স। তবে হামলার উদ্দেশ্য রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

আলবানিজ বলেন, হেলেন হেইন্স অত্যন্ত পরিশ্রমী, মেধাবী ও সৎ একজন রাজনীতিক। সংসদে বিভিন্ন মতপার্থক্য থাকলেও তার উদ্দেশ্য নিয়ে কখনও সন্দেহ করেননি তিনি। হেইন্সের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজ নির্বাচনী এলাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এ ঘটনায় ওয়াঙ্গারাট্টার বাসিন্দারা গভীরভাবে মর্মাহত হবেন।

অস্ট্রেলিয়ার এবিসি টেলিভিশন অনুষ্ঠানে আলবানিজ বলেন, প্রথমে তাকে জানানো হয়েছিল, হেইন্স গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে জানানো হয়, ঘটনাটি ইচ্ছাকৃত হামলা হয়ে থাকতে পারে। তার ভাষায়, “এটি কোনও দুর্ঘটনা ছিল না।”

তবে হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা নিয়ে অনুমান করতে চাননি প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে বলে তিনি বারবার সতর্ক করেছেন। পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোতে রাজনৈতিক সহিংসতার যেসব ঘটনা ঘটেছে, অস্ট্রেলিয়াতেও সে ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল তার।

গাড়িতে ছুরি পাওয়ার দাবি পুলিশের
ভিক্টোরিয়া পুলিশের বিবৃতি অনুযায়ী, স্থানীয় সময় সোমবার বিকাল ৩টা ৩৫ মিনিটের দিকে মারফি স্ট্রিটে নির্বাচনী কার্যালয়ের সামনে একটি সাদা টয়োটা ল্যান্ডক্রুজার ৬৫ বছর বয়সী এক নারীকে ধাক্কা দেয়। ওই নারীই সংসদ সদস্য হেলেন হেইন্স।

পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তি ভিক্টোরিয়ার টারউইঙ্গি এলাকার বাসিন্দা। ওয়াঙ্গারাট্টা থেকে এলাকাটি প্রায় ১০ কিলোমিটার দূরে। গাড়ি থেকে নামার পর একজন পথচারী তাকে আটক করতে সহায়তা করেন। সন্দেহভাজনের গাড়িতে একটি ছুরি পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।

ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট অ্যাশলি ম্যাসন ঘটনাটিকে আপাতত বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করার কথা জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলজুড়ে বিস্তৃত তদন্ত চলছে। আহত হেইন্সকে সহায়তা এবং সন্দেহভাজনকে আটক করতে এগিয়ে আসা পথচারীদের প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী ও ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, হেইন্সকে লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে সরাসরি কোনও হুমকির তথ্য তাদের জানা ছিল না। হামলাকারী ও হেইন্সের মধ্যে আগে থেকে পরিচয় ছিল কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

রাজনৈতিক অঙ্গনে নিন্দা ও উদ্বেগ
ভিক্টোরিয়ার মুখ্যমন্ত্রী বেন ক্যারল এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, হেইন্সের পরিবার, সহকর্মী ও ওয়াঙ্গারাট্টার জনগোষ্ঠীর প্রতি তার সমবেদনা রয়েছে।

অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেলর ঘটনাটিকে দেশের জন্য ‘মর্মান্তিক দিন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাজনৈতিক হামলাকে অস্ট্রেলিয়ায় স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া যায় না। ন্যাশনালস দলের সংসদ সদস্য মাইকেল ম্যাককরম্যাকও হেইন্সের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

হেইন্সের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, তিনি চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত সহায়তার জন্য পথচারী, স্বাস্থ্যকর্মী ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরিবারের সদস্যরা তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন।

এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, রাজনীতিক ও গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে হুমকি ও হয়রানির ঘটনা বেড়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, দুই অর্থবছর আগে এ ধরনের ঘটনার অভিযোগ ছিল ৯৫১টি, যা সর্বশেষ অর্থবছরে বেড়ে এক হাজার ৬৭টিতে দাঁড়িয়েছে।

২০১৯ সাল থেকে ইন্ডি নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন হেলেন হেইন্স। অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা এএসআইও এর আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতার ঝুঁকি বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছিল। তবে হেইন্সের ওপর হামলার সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করেনি তদন্তকারীরা। সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন