মোরেলগঞ্জ প্রতিনিধি।।
দীর্ঘ ১৯ বছর ধরে বন্ধ থাকা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর সন্ন্যাসী-কলারণ ফেরি সার্ভিস আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ফেরিঘাট ও সংযোগ সড়কের নির্মাণকাজ এগিয়ে চলায় নতুন করে আশার আলো দেখছেন এ পথে যাতায়াতকারীরা।
ফেরি চালু হলে বরিশাল বিভাগের জেলাগুলোর সঙ্গে বাগেরহাটের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও যাতায়াতে সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে মোরেলগঞ্জ উপজেলার পল্লীমঙ্গল থেকে সন্ন্যাসী লঞ্চঘাট পর্যন্ত সড়ক নির্মাণ এবং পানগুছি নদীর সন্ন্যাসী অংশে ফেরিঘাট নির্মাণকাজ পরিদর্শন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।
পরিদর্শন শেষে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী ও মুফতি মাওলানা আব্দুস সত্তার সংসদ সদস্য থাকাকালে এ ঘাটে ফেরি সার্ভিস চালু করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক কারণে এ রুটকে ‘পতিত’ ঘোষণা করেছিল বলে মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য আরও বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর মাসুদ সাঈদী ও তিনি সংসদ সদস্য হওয়ার আগেই স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন। এ উদ্যোগে স্থানীয় রাজনৈতিক নেতারাও চেষ্টা করেছেন। পরে তাঁদের হস্তক্ষেপে কাজটি দৃশ্যমান হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ফেরিঘাট ও সড়ক নির্মাণকাজ সম্পন্ন হলে বরিশাল বিভাগের সঙ্গে বাগেরহাটের যোগাযোগ সহজ হবে। দুই পাড়ের মানুষের যাতায়াতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও লেখাপড়ায় সুবিধা বাড়বে। এ ছাড়া এ পথ ব্যবহার করে মোংলা বন্দরেও সহজে যাতায়াতের সুযোগ তৈরি হবে। সব মিলিয়ে যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা সাহাদাৎ হোসাইন, জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।











































