স্টাফ রিপোর্টার।।
খুলনায় পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের দুই হাতের কব্জির ওপর চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় মূল আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে ‘স্পিকার মিরাজ’ (৩৯) এবং তাঁর সহযোগী ইব্রাহিম গাজীকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) স্পেশাল কোম্পানি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার কলাবাগান ও সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সরাসরি ছিনতাই ও হামলায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার মিরাজ খুলনা সদর থানার হাজী মহসিন রোড এলাকার ফারুক মিয়ার ছেলে এবং ইব্রাহিম গাজী টুটপাড়া সরকারপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর পুলিশ পরিদর্শক শাহ আলম খুলনা জেলার সার্কেল অফিস থেকে রিকশায় পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। পথে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে তিন ছিনতাইকারী তাঁর রিকশার গতিরোধ করে। এ সময় তাঁর কাছে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পর ধারালো চাপাতি দিয়ে দুই হাতের কব্জির ওপর নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়।
গুরুতর আহত পুলিশ পরিদর্শক শাহ আলম বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তার ‘স্পিকার মিরাজ’-এর বিরুদ্ধে খুলনার আড়ংঘাটা ও সদর থানায় ডাকাতি, চুরি ও গুরুতর আঘাতের একাধিক মামলা রয়েছে। অন্যদিকে ইব্রাহিম গাজীর বিরুদ্ধেও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।











































