Home Lead মমতার ওপর হামলার চেষ্টা, আটক নারীর কাছে ছুরি পাওয়ার দাবি

মমতার ওপর হামলার চেষ্টা, আটক নারীর কাছে ছুরি পাওয়ার দাবি

4

খুলনাঞ্চল ডেস্ক।।

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কালীঘাটে নিজের বাসভবনের কাছে একটি পূজা উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নিজের বাসভবনের কাছে ‘মিলন সংঘ’-এর পূজা উদ্বোধন করতে হেঁটে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও নিরাপত্তাকর্মীরা ছিলেন। ভিড়ের মধ্যে এক নারী ভাগ্নী পরিচয় দিয়ে মমতার কাছে পৌঁছে তার ওপর হামলার চেষ্টা করেন এবং গালিগালাজ করেন। এ সময় সেখানে হট্টগোল ও ধস্তাধস্তির সৃষ্টি হয়। পরে নিরাপত্তাকর্মীরা ওই নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। কালীঘাট থানার পুলিশ ওই নারীকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

হামলা চেষ্টার সময় ওই নারীর কাছে একটি ছুরিও পাওয়া গেছে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে ওই নারী কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কাছে পৌঁছালেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য দোলা সেন ইমেইলের মাধ্যমে কালীঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

দলীয় সূত্র জানায়, হামলা চেষ্টার পরও নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পূজা উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।