Home খেলাধুলা আলভারেজকে বাজি মানছেন সিমিওনি

আলভারেজকে বাজি মানছেন সিমিওনি

3

স্পোর্টস ডেস্ক।।

হুলিয়ান আলভারেজের মন কী ধীরে ধীরে অ্যাথলেটিকো মাদ্রিদে বসছে! ম্যানচেস্টার ইউনাটেডের বিপক্ষে ম্যাচের আগে কোচ দিয়াগো সিমিওনির কথা শুনে তেমনি মনে হচ্ছে। আজ (১৩ অক্টোবর) ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে আর্জেন্টাইন স্ট্রাইকারই অ্যাথলেটিকোর বাজি।

চ্যাম্পিয়ন্স লিগে আজকের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনা ইস্তাম্বুলে খেলবে গ্যালাতাসারের বিপক্ষে। এ ছাড়া আর্সেনাল নিজেদের মাঠে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে, আর বায়ার্ন মিউনিখ যাচ্ছে নরওয়ে ভাইকিংয়ের বিপক্ষে খেলতে।

প্রিমিয়ার লিগে ম্যানইউর সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। ছয় ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে তারা, যা গত ৪০ বছরে লিগে তাদের সবচেয়ে বাজে শুরু। তবে চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু জয় দিয়ে শুরু করেছে রেড ডেভিলরা। সেপ্টেম্বরের শুরুতে আজারবাইজানের ক্লাব সাবাহকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। আর অ্যাথলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে লিভারপুলের কাছে ২-১ গোলে হেরে। ঘরের মাঠে আজ (১৩ অক্টোবর) স্প্যানিশ জায়ান্টরা জয়ের জন্য মরিয়া হয়েই ঝাঁপাবে। এ কাজে তাদের মূল ভরসা আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। যদিও চলতি মৌসুমে অ্যাথলেটিকোর হয়ে এখনও গোলের দেখা পাননি ২৬ বছর বয়সী এ ফরোয়ার্ড। বার্সা যেতে চাওয়া নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তাঁর তিক্ত সম্পর্ক এর পেছনে দায়ী বলে মনে করছেন অনেকে। তবে সিমিওনির বিশ্বাস আজ ঠিকই জ্বলে উঠবেন আলভারেজ।

ইস্তাম্বুলে আজ (১৩ অক্টোবর) গ্যালাতাসারের বিপক্ষে কাতালানরাই ফেভারিট। দুরন্ত ফর্মে আছে বার্সা। লামিনে ইয়ামাল, পেদ্রিরা রীতিমতো মাঠে রাজত্ব করছেন। কাতালান ক্লাবটির নৈপুণ্যে মুগ্ধ হয়ে ব্রিটিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন গত শনিবার বলেছেন, ‘এমন দল আগে কখনও দেখিনি।’ গেতাফের বিপক্ষে বার্সার ৩-০ গোলের জয়ে প্রথম গোলটি করেছিলেন তিনি।

চলতি মৌসুমে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বার্সা। লা লিগায় আট ম্যাচে ৮ জয় তুলে নিয়েছে তারা। এই আট ম্যাচে তারা গোল করেছে ৩৪টি। মানে প্রতি ম্যাচে গড়ে চারটির বেশি গোল। এর পরও আত্মতুষ্টিতে ভুগছে না তারা। দারুণ এ শুরুটাকে ধরে রেখে সামনে এগিয়ে যেতে বদ্ধপরিকর কাতালানরা।