স্পোর্টস ডেস্ক।।
সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স দিয়ে আলোচনায় এসেছেন সাব্বির রহমান ও মোহাম্মদ রুবেল। তবে এশিয়ান গেমসের বাংলাদেশ দলে জায়গা হয়নি দুজনেরই।
যদিও জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা থেকে তাদের বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সর্বশেষ টপ-এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে বল হাতে নজর কাড়েন ডানহাতি স্পিনার মোহাম্মদ রুবেল।
সাত ম্যাচে তার শিকার ২৩ উইকেট। এমন পারফরম্যান্সের পরও এশিয়ান গেমসের দলে তার না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে।
বাশারের ব্যাখ্যা, এশিয়ান গেমসের নিয়মের কারণে এখন আর রুবেলকে দলে যুক্ত করার সুযোগ নেই। কারণ গেমসের জন্য প্রায় তিন মাস আগেই ৩০ সদস্যের প্রাথমিক দল জমা দিতে হয়।
বাশার বলেন, ‘এশিয়ান গেমসে রুবেলকে সুযোগ দেওয়ার সুযোগ ছিল না। কারণ এশিয়ান গেমসে যে ৩০ জনের দল দিতে হয় আমাদের, সেটা দিতে হয়েছে তিন মাস আগে।’
তিনি আরও বলেন, ‘গেমসের কিছু নিয়মকানুন আছে। সেখানকার বাইরে পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না। এটা গেমসের নিয়ম। যখন আমরা দলটা দিয়েছি তখন আসলে রুবেলের পারফরম্যান্স অতটা উল্লেখযোগ্য ছিল না। বর্তমানে তিনি খুব ভালো করেছেন। মালয়েশিয়ায় ভালো বোলিং করেছেন, টপ-এন্ডে ভালো বোলিং করেছেন। অবশ্যই তিনি হয়ত ভবিষ্যৎ পরিকল্পনায় থাকবেন।’
শুধু রুবেল নন, টপ-এন্ড টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ভালো করা সাব্বির রহমানও এশিয়ান গেমসের দলে জায়গা পাননি। তবে তার ক্ষেত্রেও জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি বলে স্পষ্ট করেছেন প্রধান নির্বাচক।
সাব্বিরকে নিয়ে বাশার বলেন, ‘সাব্বিরকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। টি-টোয়েন্টি ফরম্যাটে টপ-এন্ডে ভালো ব্যাটিং করেছেন। সাব্বিরের সুযোগটা এখনো আসেনি। সামনে আমাদের অনেক খেলা আছে, পরিকল্পনায় সে আছে। রুবেলের মতো ও একেবারে চিন্তাভাবনার বাইরে নয়, সাব্বিরও বাদ পড়েনি। ও অনেকদিন পর দলে কামব্যাক করেছে। ভবিষ্যতে কী হবে দেখা যাক।’
সাব্বিরকে জাতীয় দলের জন্য প্রস্তুত রাখতে ‘এ’ দলের ক্রিকেটেও সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্বাচকদের। তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে বলে জানান বাশার।
তিনি যোগ করেন, ‘সাব্বিরকে বসিয়ে না রেখে লম্বা সময়ের পরিকল্পনা ভেবে তাকে ‘এ’ দলের টুর্নামেন্টে সুযোগ দেওয়া। সাব্বিরের সক্ষমতা আছে। সে প্রমাণ করতে পারবে নিজেকে। কন্ডিশন অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে।’











































