পাইকগাছা প্রতিনিধি।।
কর্তৃপক্ষের চরম অবহেলা ও দীর্ঘদিনের অব্যবস্থাপনায় পাইকগাছা পৌর সদরে অবস্থিত গদাইপুর উপস্বাস্থ্য কেন্দ্রের একটি পুরোনো ভবন নষ্ট হয়ে ধ্বংসের মুখে পড়েছে। সরকারের অর্ধকোটি টাকারও বেশি মূল্যের এই স্থাবর সম্পত্তিটি বিগত প্রায় ৩০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও তা অপসারণ বা নিলামে তোলার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি স্বাস্থ্য বিভাগ।
এদিকে জরাজীর্ণ এই ভবনটির মূল কাঠামোর পাশ দিয়ে প্রতিদিন শত শত পথচারী ও কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করায় চরম দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে পুরো এলাকা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন দশক আগে উপস্বাস্থ্য কেন্দ্রের পুরোনো ভবনটি ব্যবহারের অনুপযোগী ও বিপজ্জনক হয়ে পড়লে সেটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে পাশেই নির্মিত নতুন ভবনে স্বাস্থ্যসেবা চালু করা হলেও পুরোনো অবকাঠামোটি টেন্ডারের মাধ্যমে অপসারণে কোনো আইনি প্রক্রিয়া শুরু করা হয়নি।
দীর্ঘ সংস্কারহীনতায় ভবনটির দেওয়াল ও ছাদে বড় বড় গাছগাছালি গজিয়ে রড-ইট খসে পড়ছে। জরাজীর্ণ ইমারতের ছাদ ও দেওয়াল মারাত্মকভাবে দেবে যাওয়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের ধসের আশঙ্কা করা হচ্ছে। প্রধান রাস্তার লাগোয়া হওয়ায় প্রতিনিয়ত আতঙ্কের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
এলাকাবাসীর তীব্র ক্ষোভ—দীর্ঘ ৩০ বছরেও পরিত্যক্ত ভবনটি টেন্ডার প্রক্রিয়ায় বিক্রি বা অপসারণ না করায় একদিকে যেমন বিপুল অংকের সরকারি রাজস্ব ও সম্পদ নষ্ট হচ্ছে, অন্যদিকে জনগণের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে।
ঝুঁকিমুক্ত যাতায়াত ও জননিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে স্বাস্থ্য বিভাগকে সরেজমিনে পরিদর্শনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভবনটি নিলামে বিক্রি বা অপসারণ করে সরকারি সম্পদের সুব্যবস্থাপনার জোর দাবি জানান তারা।








































