Home আঞ্চলিক খুলনায় ব্লাকমেইল চক্রের হাত থেকে অপহৃত উদ্ধার, ভুয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মীসহ...

খুলনায় ব্লাকমেইল চক্রের হাত থেকে অপহৃত উদ্ধার, ভুয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মীসহ ৪ প্রতারক গ্রেপ্তার

12

শাহ তানভীর আহমেদ ।।

হানিট্রাপ বা ফাঁদে ফেলে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে খুলনায় সংঘবদ্ধ এক প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে খুলনা সদর থানা পুলিশ। এ সময় চক্রের জিম্মিদশা থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার এবং তাদের কাছে থাকা একাধিক ভুয়া সংবাদপত্রের পরিচয়পত্র (আইডি কার্ড) ও ভুয়া মানবাধিকার সংগঠনের কার্ড জব্দ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হরিণটানা থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, সংঘবদ্ধ চক্রটি কৌশলে ওই ব্যক্তিকে ডেকে নিয়ে একটি বাসায় আটকে রাখে এবং শারীরিকভাবে নির্যাতনের ভয় দেখিয়ে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভুক্তভোগীর স্ত্রী কোনো উপায় না পেয়ে দ্রুত খুলনা সদর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। অভিযোগের পর পরই সদর থানা পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় গভীর রাতে হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে চার প্রতারককে গ্রেপ্তার করে।

এ বিষয়ে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর স্ত্রীর লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে চক্রটিকে হাতেনাতে আটক ও অপহৃতকে উদ্ধার করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে ভুয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মীর পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করে আসছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।