Home জাতীয় জবানবন্দিতে সিআইডি পরিদর্শক: শুনেছি, ক্রসফায়ারের কারণে প্রত্যেককে ২৫ হাজার টাকা পুরস্কৃত করা...

জবানবন্দিতে সিআইডি পরিদর্শক: শুনেছি, ক্রসফায়ারের কারণে প্রত্যেককে ২৫ হাজার টাকা পুরস্কৃত করা হয়েছিল

0


ঢাকা অফিস
১১ বছর আগে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এক পুলিশ সদস্য।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্য দিয়েছেন সিআইডির পরিদর্শক মো. আলী আহমেদ।
জবানবন্দিতে মো. আলী আহমেদ বলেন, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি সেকেন্ড অফিসার হিসেবে বরিশাল জেলার উজিরপুর থানায় কর্মরত ছিলাম। ওই দিন রাত আনুমানিক সাড়ে ৯টায় বরিশাল জেলার তৎকালীন পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ উজিরপুর থানায় এসে তৎকালীন অফিসার ইনচার্জ নুরুল ইসলামের সঙ্গে তাঁর অফিস কক্ষে ১০/১৫ মিনিট কথা বলে চলে যান। এরপর অফিসার ইনচার্জ আমাকে ডেকে বলেন, কর্মরত এএসআই জসিম উদ্দিন এবং এএসআই মাহবুবকে থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করার জন্য সিসি দাও। তারা এসপির নির্দেশনা অনুযায়ী ডিউটি করবে এবং তার তত্ত্বাবধানে থাকবে। আমি তখন ডিউটি অফিসারকে ডেকে অফিসার ইনচার্জের নির্দেশনা শোনাই এবং এএসআই জসিম উদ্দিন ও এএসআই মাহবুবকে একটি বিশেষ অভিযান পরিচালনার সিসি দিতে বলি।
আলী আহমেদ বলেন, পরদিন ভোরে ঘুম থেকে উঠে টেলিভিশনের হেডলাইনে দেখি, আমাদের পার্শ্ববর্তী আগৈলঝাড়া থানা এলাকায় টিপু হাওলাদার এবং কবির মোল্লা নামে ২ জন লোক পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। ওই দিন বিকেলে থানায় গেলে অফিসার ইনচার্জ আমাকে ডেকে বলেন এএসআই মাহবুব ও এএসআই জসিমকে আগামী ১০ দিন কোনো ডিউটি না দেওয়ার জন্য। আমি তাঁর নির্দেশ অনুযায়ী তাদের ডিউটি দেওয়া থেকে বিরত রাখি। এরপর অফিসার ও ফোর্সদের মাঝে কানাঘুষা চলতে থাকে- আগৈলঝাড়া থানার ক্রসফায়ারের ঘটনা এএসআই মাহবুব ও এএসআই জসিম ঘটিয়েছে। পরবর্তী সময়ে জানতে পারি, এসপি সাহেবের নির্দেশে ও তত্ত্বাবধানে এএসআই মাহবুব এবং এএসআই জসিম ওই ঘটনা ঘটিয়েছে। আগৈলঝাড়ার ক্রসফায়ার সংঘটিত করার কারণে এএসআই মাহবুব ও এএসআই জসিমকে ২৫ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়েছিল- এমন খবর শুনেছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন পুলিশ পরিদর্শক আলী আহমেদ।

এ মামলার আসামিরা হলেন- সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশালের উজিরপুর থানার সাবেক এএসআই মো. মাহবুব ও মো. জসিম উদ্দিন এবং বরিশালের তৎকালীন পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ। এর মধ্যে মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন গ্রেপ্তার আছেন।