Home আলোচিত সংবাদ নেপালে বন্যায় সবুজ রঙের বাড়িটির বাসিন্দাদের নিয়ে যা জানা যাচ্ছে

নেপালে বন্যায় সবুজ রঙের বাড়িটির বাসিন্দাদের নিয়ে যা জানা যাচ্ছে

9

আন্তর্জাতিক ডেস্ক।।

নেপালের আকস্মিক বন্যার বিপর্যয় ভিডিও ফুটেজের মাধ্যমে পুরো বিশ্ব দেখেছে। যাতে ধ্বংস হয়েছে ঘরবাড়ি, মারা গেছে বহু মানুষ, পানিতে ভেসে গেছে সব। শহর ও দালানকোঠা নিমিষেই যেন মিলিয়ে গেছে। এর মধ্যেই একটি পরিবারের বেঁচে ফেরার ঘটনা অনলাইনে সবার নজর কেড়েছে।

বন্যার কাদা পানিতে ঘেরা সবুজ রঙের একটি বাড়ির ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ভবনটির ভেতরে একটি পরিবারকে আটকা পড়ে থাকতে দেখা যায়।

বাড়িটির প্রথম ভাইরাল ভিডিও অনুযায়ী, বন্যার পানি যখন ওই এলাকার ওপর দিয়ে প্রবল বেগে বয়ে যাচ্ছিল, তখন বাড়িটির চারপাশের বেশ কয়েকটি স্থাপনা ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্যার পানির তীব্র স্রোত আবর্জনা বয়ে নিয়ে যাচ্ছে এবং সব স্থাপনা ধ্বংস করে দিচ্ছে। তবে সবুজ বাড়িটির সর্বশেষ একটি ভিডিও অনুযায়ী, শেষ পর্যন্ত সেটি বন্যার তীব্রতার মধ্যেই দাঁড়িয়ে থাকতে সক্ষম হয়েছিল।

এনডিটিভি জানিয়েছে, একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর পোস্ট করা নতুন একটি ভিডিওতে দাবি করা হয়েছে ওই পরিবার দুর্যোগ থেকে বেঁচে গেছেন।

অন্যদিকে বিবিসি ভেরিফাইয়ের তথ্য অনুযায়ী, সবুজ রঙের বাড়ির এই ভিডিও ফুটেজটি নেপালের ত্রিশূলী নদী সংলগ্ন এলাকার। ঘটনার সময় ওই বাড়িতে থাকা ব্যক্তিরা একটি বারান্দায় আটকা পড়েছিলেন। এসময় বাড়িটির ছাদে থাকা একজনকে সাহায্যের জন্য লাল একটি কাপড় নাড়তে দেখা যায়।

বিবিসি ভেরিফাই ওই ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি। তবে ভিডিও প্রকাশ করে বলা হয়েছে, কোনোভাবে ওই পরিবারটি বেঁচে থাকার চেষ্টা করছিল। বন্যার পানির স্রোত থেমে যাওয়ার পর লোকজন সাহায্যের জন্য সেখানে পৌঁছায়।

ভিডিওতে অন্তত তিনজনকে দেখা যায়। তাদের একজন পুরুষ, একজন নারী এবং একটি শিশু, যাকে একটি ছোট মেয়ে বলে মনে হচ্ছিল। ওই বাড়ির দোতলায় বেলকনিতে তাদের আটকা পড়ে থাকতে দেখা যায়।