Home Lead খুলনায় শিশুকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় শিশুকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

3

স্টাফ রিপোর্টার।।

খুলনায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শাহীন আলম গাজী ওরফে শাহীন গাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার খুলনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাখিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী হরিদাস তরফদার।

দণ্ডপ্রাপ্ত আসামি খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামের বাসিন্দা মাহাবুর গাজীর ছেলে।

আদালতের সূত্র জানায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ২০২৪ সালের ১ মে রাত ৮টার দিকে ওই শিশুর পরিবারের সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যান। রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে মিথ্যা কথা বলে উপজেলার রুপরামপুর গ্রামের একটি ভিটাবাগানের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করেন আসামি শাহীন।

পরে শিশুটির ডাকচিৎকারে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন। একই বছরের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই সুকান্ত কর্মকার শাহীনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

একই বছরের ৭ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর আদালতে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।