ঢাকা অফিস।।
আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোট ৩৪৯ জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে চূড়ান্ত ভোটার তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
স্পিকারের সাথে আলোচনার পর নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার তথ্য নিশ্চিত করেন।
ভোটার তালিকায় সাধারণ আসনের ২৯৯ জন এবং সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আইনি জটিলতায় ঋণখেলাপির কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রার্থিতা বাতিল হওয়া চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে ভোটার তালিকা থেকে বাদ রাখা হয়েছে।
নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিতর্ক থাকলেও তিনি ভোটার হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে তার পদ বাতিলের আর্জি স্পিকারের কাছে জানালেও তা এখনও নিষ্পত্তি হয়নি। আইন অনুযায়ী স্পিকার কর্তৃক আসন শূন্য ঘোষিত না হওয়া পর্যন্ত তিনি পদাধিকার বলে সংসদ সদস্য বহাল রয়েছেন এবং ভোট দেওয়ার পূর্ণ অধিকার রাখেন।
রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তফসিল:
মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট (সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)
মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ আগস্ট (সকাল ১০টা থেকে)
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়, ১৮ আগস্ট (বিকেল ৪টা পর্যন্ত)
ভোটগ্রহণ (প্রয়োজন সাপেক্ষে) ২০ আগস্ট (দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (জাতীয় সংসদ অধিবেশন কক্ষে) ।
উল্লেখ্য, গত ২৪ জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। একক প্রার্থী থাকলে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন; অন্যথায় সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
![file_1.[6]](https://khulnanchal.com/wp-content/uploads/2026/08/file_1.6-696x365.jpg)









































