আন্তর্জাতিক ডেস্ক।।
স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম আরটিভিইজানিয়েছে, নিহতরা সবাই বেদার শহরের বাসিন্দা।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পাশের শহর লস গাল্লাদোস থেকে আগুনের সূত্রপাত হয়। যদিও ওই শহর থেকে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে দ্রুত ছড়িয়ে পড়া আগুন বেদার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির কারণ হয়েছে।
আন্দালুসিয়া সরকারের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রী আন্তোনিও সানজ এক বিবৃতিতে এ ঘটনাকে ‘অভূতপূর্ব ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, আন্দালুসিয়ার ইতিহাসে এত প্রাণহানির দাবানলের ঘটনা আগে ঘটেনি।
তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পেনের সামরিক বাহিনীর ইমার্জেন্সি ইউনিটের প্রায় ১৫০ সদস্যকে মোতায়েন করা হয়েছে।
এদিকে ঘন ধোঁয়া ও আগুনের কারণে আলমেরিয়া শহরের দুটি প্রধান সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মী ও জরুরি সেবা সংস্থাগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে।










































