Home আঞ্চলিক খুলনা বিভাগের ৭০ সাংবাদিকের মাঝে ২০ লক্ষ ৬৫ হাজার টাকার চেক বিতরণ

খুলনা বিভাগের ৭০ সাংবাদিকের মাঝে ২০ লক্ষ ৬৫ হাজার টাকার চেক বিতরণ

31


দলীয়করণ না করে প্রকৃত সাংবাদিকদের অনুদান দেওয়া হচ্ছে: যশোরের জেলা প্রশাসক


যশোর অফিস।।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বেলা ১১টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কিস্তির এই কল্যাণ অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এবার বিভাগে মোট ২০ লক্ষ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

আর্থিক অনুদান প্রাপ্তদের মধ্যে খুলনা জেলার ২২ জন, যশোরের ১৫ জন, সাতক্ষীরার ১২ জন, নড়াইলের ১২ জন ও বাগেরহাট জেলার ৯ জন সাংবাদিক রয়েছেন।

যশোর জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, “বিগত সময়ের মতো কোনো প্রকার দলীয়করণ না করে এবার সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত সাংবাদিকদের অনুদান দেওয়া হচ্ছে। কে কোন দল বা মতের, তা বিবেচনা করা হচ্ছে না; বরং আবেদনে সকল তথ্য সঠিক থাকলে প্রত্যেকেই অনুদান পাচ্ছেন। বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় সম্পূর্ণ বিশ্বাসী। এখন আর সাংবাদিকদের বিগত দিনের মতো হামলা-মামলার শিকার হতে হয় না। কারণ, গণতন্ত্রের স্বার্থে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই।”

তিনি আরও আশ্বাস দেন যে, সাংবাদিকদের সার্বিক কল্যাণ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাতক্ষীরার সাংবাদিক আবু সাঈদ বিশ্বাস, খুলনার মাকসুদ আলী এবং নড়াইলের হুমায়ুন কবির রিন্টু প্রমূখ।

অনুদান বৃদ্ধির দাবি, অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি অনুদানের পরিমাণ আরও বৃদ্ধির জোর দাবি জানান। তারা বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং চিকিৎসার খরচ অনেক বেড়ে যাওয়ার কারণে এই টোকেন মানি দিয়ে সব খরচ মেটানো সম্ভব হয় না। তাই আগামীতে এই কল্যাণ তহবিলের বরাদ্দ বাড়ানোর অনুরোধ করেন তারা।

উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এবার সারাদেশে ২০২৫-২০২৬ অর্থবছরে আর্থিক সহায়তা ও অনুদানের জন্য মনোনীত মোট ৫০৩ জন সাংবাদিক এবং সাংবাদিক পরিবারের মাঝে সর্বমোট ১ কোটি ৮৫ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হচ্ছে।