স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর সদর থানা এলাকায় সরকার বিরোধী ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৬ জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৩৫/৪০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
গত ০১ জুলাই ২০২৬ তারিখে সংঘটিত ঘটনার প্রেক্ষিতে খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার পাল বাদী হয়ে ২ জুলাই ২০২৬ তারিখে এই এজাহারটি দায়ের করেন, যা পরবর্তীতে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, এজাহারে নাম উল্লেখ করা প্রধান আসামিদের মধ্যে রয়েছেন- রণবীর বাড়ৈ সজল, অনুপ সরকার, মৃদুল, খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তায়েফুল ইসলাম তাজ, প্রসেনজিৎ, মো. শহিদুল ইসলাম, রাহাত আলী মোড়ল, অনিক হাসান পারভেজ, গৌতম সরকার কাকন, আছাফুর ঢালী, গোপাল চন্দ্র সাহা, মো. আক্তার শিকদার , মনিরুল ইসলাম মনি রাজিব আহমেদ, খুলনা জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজৈএবং মো. রফিকুল ইসলাম পিন্টু (৫০)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১ জুলাই ভোর অনুমান ০৪:৪৫ টা থেকে ০৫:৫৫ টার মধ্যবর্তী সময়ে খুলনা সদর থানাধীন তারের পুকুর সংলগ্ন ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর আসামিরা বেআইনিভাবে একত্রিত হন। সেখানে তারা বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাত, খুলনা মহানগরের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত করা এবং অন্যান্য জেলার সাথে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে রাস্তায় ইটপাটকেল নিক্ষেপ ও যানবাহন ভাঙচুরের চেষ্টা চালান। একই সাথে আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগ’ ও আওয়ামী লীগের পক্ষে এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আসামিরা পালিয়ে যান। পরবর্তীতে আশেপাশের সিসিটিভি ফুটেজ ও স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে পুলিশ আসামিদের নাম-ঠিকানা সনাক্ত করে।
পুলিশের এজাহারে দাবি করা হয়েছে, আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে পুনরায় সংগঠিত করার জন্য গোপনে বৈঠক, অর্থ ও কর্মী সংগ্রহ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য উগ্রবাদী মতবাদে লিপ্ত ছিলেন। এই ঘটনায় খুলনা সদর থানায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের (সংশোধনী ২০১৩) ৮/৯(৩)/১০/১৩ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।










































