স্টাফ রিপোর্টার
খুলনার লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ বোতল বিদেশি মদ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজুর রহমান মিরাজ (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে লবণচরা থানাধীন বুখারিয়া পাড়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের ওপর থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাফিজুর রহমান মিরাজ খালিশপুর থানার হাউজিং স্টেট (এন এফ ১৭৩) এলাকার মৃত ইয়ার আলীর ছেলে।
যেভাবে গ্রেফতার হলেন মিরাজ: পুলিশ সূত্রে জানা গেছে, কেএমপি খুলনার লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম এসআই (নিঃ) মো. আশরাফুল আলমের নেতৃত্বে থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করছিল। বিকেল পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বুখারিয়া পাড়াস্থিত ফিরোজের চায়ের দোকানের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নেয় পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে হাফিজুর রহমান মিরাজকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ১১ বোতল মদ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রয়েছে জালিয়াতি ও মারামারির অপরাধের রেকর্ড: লবণচরা থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস পর্যালোচনা করে জানা গেছে, গ্রেফতারকৃত হাফিজুর রহমান মিরাজ একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য: চাঁপাইনবাবগঞ্জ সদর থানা মামলা: ধারা- ৪২০/৪৬৮/৪৬৭/৪৭১/৩৪ পেনাল কোড (প্রতারণা ও দলিল জালিয়াতি সংক্রান্ত)। মামলা নং- ০২/৩৫৫, জিআর নং- ৩৫৫/১৯, তারিখ: ০১ জুন। ২. খালিশপুর থানা মামলা: ধারা- ৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/১০৯ পেনাল কোড (মারপিট, গুরুতর জখম, হত্যাচেষ্টা ও চুরি সংক্রান্ত)। মামলা নং- ২৪, জিআর নং- ১৪২২, তারিখ: ২৪ অক্টোবর, ২০০৯।
“মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”










































