ঢাকা অফিস।।
দেশের পাপেটশিল্পের পথিকৃৎ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রপতি শোকবার্তায় বলেন, বাংলাদেশের চিত্রকলা, পাপেট শিল্প, নাটক ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাণে মুস্তাফা মনোয়ার ছিলেন অন্যতম পথিকৃৎ। তাঁর মৃত্যু দেশের শিল্প-সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতি।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক বিরাট শূন্যতা সৃষ্টি করেছে; তাঁর কর্ম ও আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনও শোক প্রকাশ করে বলেন, দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান ও সাংস্কৃতিক বিকাশে মুস্তাফা মনোয়ারের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার ভেরিফাইড ফেসবুক পেইজে ‘মনের কথা’র অংশ বিশেষের ভিডিও পোস্ট করে শোক জানান।
এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, বাংলাদেশ টেলিভিশন, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, নাট্য সংগঠন বটতলা, থিয়েটার পত্রিকা ক্ষ্যাপা, গ্যালারী চিত্রক, বেঙ্গল ফাউন্ডেশন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে।











































