Home খেলাধুলা মহিলা ফুটবলে রাজবাড়ি ও শরীয়তপুরের জয়

মহিলা ফুটবলে রাজবাড়ি ও শরীয়তপুরের জয়

57

ক্রীড়া প্রতিবেদক

মাগুরায় ‘জে এফ এ অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২০’ শুরু হয়েছে । উদ্বোধনী দিনে প্রথম খেলায় রাজবাড়ি জেলা মহিলা ফুটবল দল ৭-০ গোলে ফরিদপুর জেলা মহিলা ফুটবল দলকে হারিয়েছে। অপর ম্যাচে শরীয়তপুর ৪-০ গোলে হারিয়েছে গোপালগঞ্জ জেলাকে।
গতকাল রবিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২০ এর উদ্বোধন করা হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পৃষ্ঠপোষকতায় মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে আঞ্চলিক পর্যায়ের এ টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম । এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও মাগুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান লাজুক উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে দুপুর আড়াইটায় রাজবাড়ি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন মুখোমুখি হয় ফরিদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের । তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে প্রথমার্ধের প্রথম মিনিটে রাজবাড়ি দলের তানজিলা প্রথম গোল করে । পরে একই দলের চৌকশ খেলোয়াড় আঁখি ও তোয়া হ্যাটট্রিক করে দলকে জয় এনে দেন। অপরদিকে একই দিনের দ্বিতীয় ম্যাচে বিকাল ৪টায় গোপালগঞ্জ জেলা মুখোমুখি হয় শরীয়তপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের । এ খেলায় শরীয়তপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ৪-০ গোলে গোপালগঞ্জ মহিলা ফুটবল দলকে পরাজিত করে।
আজ সোমবার দুপুর দুপুর আড়াইটায় প্রথম খেলায় যশোর জেলা মহিলা ফুটবল দল মুখোমুখি হবে রাজবাড়ি ফুটবল দলের। দ্বিতীয় খেলায় মাগুরা জেলা মহিলা ফুটবল দল মুখোমুখি হবে শরীয়তপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ।
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জে এফ এ অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে মাগুরা,গোপালগঞ্জ, যশোর, ফরিদপুর, রাজবাড়ি ও শরিয়তপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অংশ নিচ্ছে । কাল মঙ্গলবার (১০ নভেম্বর) এ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ।