মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে একটি বোমা সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) ভোরে সানোয়ার হোসেন পলাশের বাড়ির প্রধান ফটকের সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাঁটতে বের হয়ে সানোয়ার হোসেনের চাচাতো ভাই শামীম একটি কালো টেপে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান। বস্তুটির গায়ে লেখা ছিল- ‘হাত দিলেই ব্লাস্ট, ভালো থাকিস, বাই বাই’ এমন একটি হুমকিমূলক বার্তা। বিষয়টি তাৎক্ষণিকভাবে সানোয়ার হোসেনকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন।
খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে বস্তুটিকে পানিভর্তি একটি বালতিতে সংরক্ষণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে একই এলাকায় বোমা সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে গাংনী উপজেলার মটমোড়া ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নে এ ধরনের একাধিক ঘটনার খবর পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।










































