Home আন্তর্জাতিক ইরান যুদ্ধের মধ্যেও নিরাপদ অস্ট্রেলিয়া-দক্ষিণ কোরিয়ার জ্বালানি সরবরাহ

ইরান যুদ্ধের মধ্যেও নিরাপদ অস্ট্রেলিয়া-দক্ষিণ কোরিয়ার জ্বালানি সরবরাহ

1

আন্তর্জাতিক ডেস্ক।।

প্রায় দুই মাস আগে শুরু হওয়ার ইরান যুদ্ধের প্রভাবে পুরো মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে চলছে জ্বালানি সংকট। চলমান এই সংঘাতের মধ্যে বৈশ্বিক মন্দা অর্থনীতির মধ্যেও জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা বজায় রেখে যৌথভাবে কাজ করে যাচ্ছে দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানায় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিতে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে দুই দেশ।

বিবৃতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগাম সমন্বয়মূলক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিশেষ করে ডিজেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফরকালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, মধ্যপ্রাচ্যের সংকট এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাব এশিয়ার দেশগুলো তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরো জানান, অস্ট্রেলিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ জ্বালানি অংশীদার হলো দক্ষিণ কোরিয়া। দেশটি থেকে সব থেকে বেশি পরিমাণে ডিজেল সরবরাহ এবং তৃতীয় সর্বোচ্চ জেট ফুয়েল বা বিমানের জ্বালানি আমদানি করে অস্ট্রেলিয়া।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সবচেয়ে বড় সরবরাহকারী দেশ অস্ট্রেলিয়া।

পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং আরো বলেন, ‘আমরা একে অপরের ওপর নির্ভরশীল।’ এ সময় খাদ্য, জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এই ধরনের সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।