মিলি রহমান।।
গরমে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। রোদে বের হলে ত্বক পুড়ে কালো হয়ে যায়। আবার অতিরিক্ত গরম পড়লে ত্বক বারবার ঘেমে ময়লা জমা, ত্বকে জ্বালা ভাব, লালচে ভাব, চুলকানি, ব্রণ-ফুস্কুড়ি বাড়তে থাকে। সব মিলিয়ে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়। এসব সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন গোলাপ জল। গ্রীষ্মের দিনগুলিতে ত্বক ভালো রাখতে কীভাবে গোলাপ জল ব্যবহার করবেন তা জেনে নিন-
মুখে লাগান গোলাপ জল
ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে গোলাপ জল। পাশাপাশি অতিরিক্ত তৈলাক্ত ভাব কমিয়ে দেয়। সেই সঙ্গে রুক্ষ-শুষ্ক ত্বকেও আর্দ্রতা ফিরিয়ে আনে। গরমকালে টোনার হিসেবে গোলাপ জল ব্যবহার করতে পারেন। কটন প্যাডে গোলাপ জল নিয়ে ত্বকে আলতোভাবে লাগান।
রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করুন
গোলাপ জলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে মাখতে পারেন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। গরমে ত্বকের আর্দ্রতা ধরে রাখা জরুরি। আর ফেসপ্যাক ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং অকাল বার্ধক্য প্রতিরোধ করতে দারুণ উপযোগী। রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকে গোলাপ জলের সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে লাগালে উপকার পাবেন।
গোলাপ জলের ফেস মিস্ট
গ্রীষ্মে রোদে বেরোলে ত্বক পুড়ে যায়। সেই সঙ্গে ত্বকে জ্বালা ভাব বাড়তে থাকে। এই সমস্যা দূর করতে ত্বকে সরাসরি গোলাপ জল মাখতে পারেন। এ ছাড়া গোলাপ জলের মধ্যে ১-২ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণটি ত্বকে স্প্রে করতে পারেন। বাইরে বের হলে এই মিশ্রণটি স্প্রে বোতলে নিয়ে সাথে রাখতে পারেন। যখনই ত্বকে অস্বস্তি হবে তখনই স্প্রে করে নিন। ফেস মিস্ট হিসেবেও গোলাপ জল ব্যবহার করা যায়।











































