স্টাফ রিপোর্টার।।
পহেলা বৈশাখকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে উঠেছেন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের খুলনা অঞ্চলের একাধিক নেতা। বিভিন্ন ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তারা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিচ্ছেন, যা ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে স্থানীয় মহলে।
বিশ্লেষক ও সচেতন মহলের ধারণা, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময় থেকে আত্মগোপনে থাকা এসব নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তার মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। অনেকেই দীর্ঘদিন জনসমক্ষে না থাকলেও ভার্চুয়াল প্ল্যাটফর্মে নিয়মিত পোস্ট, মন্তব্য ও প্রতিক্রিয়ার মাধ্যমে যোগাযোগ বজায় রাখছেন।
স্থানীয় সূত্রগুলোর দাবি, বিগত সরকারের সময়ে খুলনা অঞ্চলের এসব নেতাদের একটি অংশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, টেন্ডারবাজি, মাদক ব্যবসা ও ভূমিদস্যুতার মতো বিভিন্ন অভিযোগ ছিল। পাশাপাশি রাজনৈতিক বিরোধীদের দমনে রাজপথে সক্রিয় ভূমিকাও পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। এদের মধ্যে অনেকের বিরুদ্ধে একাধিক মামলাও চলমান রয়েছে বলে জানা গেছে।
সূত্র আরও জানায়, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আত্মগোপনে থাকলেও এসব নেতার একটি অংশ এখনো খুলনা ও আশপাশের এলাকায় অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা প্রকাশ্যে কম বের হলেও রাতের আঁধারে সীমিত চলাফেরার অভিযোগ পাওয়া যাচ্ছে। স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, নির্দিষ্ট সময় ও গোপন পন্থায় তারা যোগাযোগ রক্ষা করছেন।
অপরদিকে, একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি—বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে পরিচিত কিছু ব্যক্তি নিয়মিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভার্চুয়াল মিটিং বা গ্রুপ আলোচনায় অংশ নিচ্ছেন। এসব অনলাইন বৈঠকের মাধ্যমে তারা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করছেন বলে ধারণা করা হচ্ছে।
তবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ ধরনের অনলাইন তৎপরতা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে, বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে স্বাভাবিক সামাজিক যোগাযোগ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে ভবিষ্যৎ রাজনৈতিক সক্রিয়তার পূর্বাভাস হিসেবে বিবেচনা করছেন। ফলে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট মহল।










































