Home আন্তর্জাতিক ট্রাম্পের হামলার হুমকির মুখে সেতুতে পতাকা হাতে ইরানিরা

ট্রাম্পের হামলার হুমকির মুখে সেতুতে পতাকা হাতে ইরানিরা

3

আন্তর্জাতিক ডেস্ক ।।

ইরানের সব সেতু উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকির প্রতিবাদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের একটি সেতুতে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ সমাবেশ করেছেন বেশকিছু ইরানি নাগরিক।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই সমাবেশের একটি ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা যায়, আহভাজ শহরের ঐতিহাসিক পোল সেফিদ বা হোয়াইট ব্রিজে পতাকা হাতে বিক্ষোভ সমাবেশ করছেন ইরানিরা।

নিজের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে তেহরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেয়, তবে ইরানের সব সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে বলে বারবার হুমকি দিচ্ছেন ট্রাম্প। তার সেই চরম হুমকির পর সেতুতে দাঁড়িয়েই এই প্রতীকী প্রতিবাদ জানালেন স্থানীয়রা।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যে ইরানের বিভিন্ন স্থানে সেতু, সড়ক, রেলসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা শুরু করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) তাদের টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তারা ইরানের আটটি রেলপথ ও সেতুতে হামলা চালিয়েছে। এসব পথ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) নিজেদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহার করত।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানায়, তেহরান, কারাজ, তাবরিজ, কাশান ও কোমসহ ইরানের বেশ কয়েকটি এলাকায় এধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।