স্টাফ রিপোর্টার।।
আনুষ্ঠানিকভাবে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। দায়িত্ব গ্রহণ করেই তিনি কেসিসিকে মশা, মাদক ও চাঁদাবাজমুক্ত নগর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি করপোরেশনকে শতভাগ দুর্নীতিমুক্ত ও সিন্ডিকেটমুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরের ঘোষণা দেন।
রোববার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ এবং সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা মারুফ রশীদ।
‘দুর্নীতির সঙ্গে আপস নয়’
দায়িত্ব গ্রহণ শেষে মঞ্জু বলেন, “একটি পরিচ্ছন্ন, সবুজ ও চাঁদাবাজমুক্ত সিটি গড়াই হবে আমাদের অঙ্গীকার। কেসিসি হবে শতভাগ দুর্নীতিহীন প্রতিষ্ঠান। কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, ঠিকাদারদের বিল পেতে কোনো ধরনের পার্সেন্টেজ বা কমিশন দিতে হবে না। কোনো সিন্ডিকেট চলবে না। কাজের মান ঠিক থাকলে দ্রুত বিল পরিশোধ নিশ্চিত করা হবে। করপোরেশনের কর্মকর্তাদেরও তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে হুঁশিয়ার করেন।
‘কম ঘুমাবো, বেশি কাজ করবো’
আবেগঘন বক্তব্যে মঞ্জু বলেন, “খুলনা সিটি করপোরেশন নিয়ে আমার দীর্ঘদিনের কষ্ট ছিল। এবার সুযোগ পেয়েছি। সকাল সাড়ে ৬টা থেকে রাত পর্যন্ত রাস্তায় রাস্তায় কাজ করতে চাই। কম ঘুমাবো, কাজ হবে বেশি।”
মশক নিধনে ধোঁয়ার পরিবর্তে উৎপত্তিস্থল ধ্বংসের ওপর জোর দিয়ে তিনি বলেন, পরিবেশের ক্ষতি করে কোনো কার্যক্রম চলবে না। খোলা জায়গায় ময়লা ফেলা বন্ধে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উৎসবমুখর নগর ভবন
কেসিসির ২০তম প্রধানের দায়িত্ব গ্রহণকে ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে নগর ভবনে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ ব্যক্তিবর্গ, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ দলীয় ও নাগরিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃতজ্ঞতা ও অঙ্গীকার
দায়িত্বপ্রাপ্তির জন্য প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মঞ্জু বলেন, “নগরবাসীর প্রত্যাশা পূরণই হবে আমার প্রধান লক্ষ্য। জবাবদিহিতামূলক ও স্বচ্ছ সিটি করপোরেশন গড়ে তুলতে চাই।”
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহাবুবা আইরিনের ২২ ফেব্রুয়ারি স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে নজরুল ইসলাম মঞ্জুকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেসিসির পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ কেসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ১২ জুন।
নতুন প্রশাসকের দৃঢ় ঘোষণা ও প্রতিশ্রুতির পর এখন নগরবাসীর দৃষ্টি—কথার প্রতিফলন কত দ্রুত কাজে রূপ নেয়।











































