Home খেলাধুলা ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বাঁচার লড়াই

ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বাঁচার লড়াই

4


ক্রীড়া ডেস্ক।।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইটে গ্রুপ ১-এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই বার করে শিরোপা ঘরে তোলা ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। এ ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে খেলার টিকিট পাবে। তাই এ ম্যাচটি ‘অঘোষিত কোয়ার্টার ফাইনালে’ রূপ নিয়েছে।

‘সি’ গ্রুপে ৪ ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে ওঠে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ১০৭ রানের বড় জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করে ক্যারিবীয়রা। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরে যায় তারা। দুই ম্যাচে ২ পয়েন্ট আছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের।ওয়েস্ট ইন্ডিজের মতো গ্রুপ পর্বে ৪ ম্যাচের সবকটিতে জেতে ভারতও। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। ৭৬ রানের হারে সুপার এইট শুরুর পর, জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানের বড় জয় পায় ভারত। এই জয়ে সেমিফাইনালের দৌড়ে ফেরে সূর্যকুমার যাদবের দল। ওয়েস্ট ইন্ডিজের মতো সুপার এইটে দুই ম্যাচে ২ পয়েন্ট আছে ২০০৭ ও ২০২৪ সালের চ্যাম্পিয়ন ভারতেরও। ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে এই গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তাই এই গ্রুপ থেকে দ্বিতীয় ও শেষ দল হিসেবে সেমিতে খেলার সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজ-ভারতের। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে জিতলেই সেমির টিকিট পাবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যে যে কোনো একটি দল।

ভারতকে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ- ‘কোন কিছু সহজে আসবে না। আমরা জানি, ভারতের বিপক্ষে ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ। আরও বেশি গুরুত্বপূর্ণ, এমন ম্যাচে সেরা পারফরম্যান্স করা।’ তিনি আরও বলেন, ‘ভারতের বিপক্ষে জিততে হলে তিন বিভাগেই দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে আমাদের। যা গ্রুপ পর্ব ও সুপার এইট পর্বে করেছি আমরা। সতীর্থরা পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখলেই দীর্ঘদিন পর আবার সেমিফাইনালে খেলার সুযোগ তৈরি হবে আমাদের।’ শিরোপা ধরে রাখার মিশনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে খেলতে বদ্ধপরিকর বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এজন্য অঘোষিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার ইঙ্গিত দিলেন দলের অধিনায়ক সূর্যকুমার- ‘আমাদের সামনে এখন একটাই লক্ষ্য- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ক্রিকেট খেলা এবং সেমিফাইনাল নিশ্চিত করা। এখন পর্যন্ত আমরা দল হিসেবে ভালো খেলেছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সতীর্থদের আবার জ্বলে উঠতে হবে এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। আমি বিশ্বাস করি, সেমিফাইনাল নিশ্চিত করেই আমরা মাঠ ছাড়তে পারব।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩০ বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। ১৯ জয় নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে এগিয়ে টিম ইন্ডিয়া। ১০ জয় পেয়েছে ক্যারিবীয়রা। এরমধ্যে ১টি ম্যাচ পরিত্যক্তও হয়েছে।