ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।
খুলনার ডুমুরিয়ায় দরিদ্র চা বিক্রেতা শেখ আসলাম হোসেনের বসত-ভিটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রতিবেশী প্রতিপক্ষরা। উপজেলার খর্নিয়া ইউনিয়নে টিপনা গ্রামে গতকাল রোববার বিকেলে ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগেী।
স্থানীয় গ্রামবাসীর ভাষ্য, টিপনা গ্রামের বাসিন্দা শেখ আসলাম হোসেন ও আব্দুর রব ও সাহিদা বেগমের সঙ্গে মাত্র ৫ শতাংশ জমির সীমানা নির্ধারণ নিয়ে পরস্পরের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। গতকাল রোববার বিকেলে খর্নিয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আছাদুজ্জান আছাদ প্রতিপক্ষের পক্ষ নিয়ে ১০-১২ জনের একটি সঙ্গবদ্ধ দল আসলামের বসত ভিটা ভেঙে গুঁড়িয়ে দেয়।
চা বিক্রেতা শেখ আসলাম হোসেন ও তার স্ত্রী মরিয়াম বেগম বলেন, ঘর ভাঙচুরের সময় তারা বাড়িতে ছিলেন না। তবে আওয়ামী লীগ নেতা শেখ আছাদুজ্জামান আছাদের নেতৃত্বে ঘরের পাকা ভিটা গুঁড়িয়ে দিয়ে, ঘরের চালগুলো খুলে নিয়ে গেছে তাঁরা। এ ঘটনায় আসলাম বাদী হয়ে রোববার রাতেই থানা অভিযোগ করেছেন।
আব্দুর রব ও সাহিদা বেগম বলেন, আমরা সেখানে জমি পাবো। আমাদের জায়গায় ঘর তুলেছিল তারা। তবে আমরা তাদের বাঁধা দিয়েছি কিন্তু কিছু ভাঙচুর করিনি।
আওয়ামী লীগ নেতা শেখ আছাদুজ্জামান বলেন, আমার নেতৃত্বে কোনো ভাঙচুর হয়নি। ঘটনাটি শুনে সেখানে গিয়েছিলাম মাত্র।
উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এফএম রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। একটি নেক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। এ কাজের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ডুমুরিয়া থানা ওসি কামল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।











































